কলম্বিয়ায় বাস উল্টে নিহত ২০
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্যান আমেরিকান হাইওয়েতে যাত্রীবাহী একটি বাস উল্টে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। খবর এএফপির।
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর তুমাকো এবং উত্তর-পূর্বাঞ্চলীয় ক্যালি শহরের মধ্যে বাসটি চলাচল করে থাকে। এ পথেই গতকাল শনিবার দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
নারিনো ট্রাফিক পুলিশের অধিনায়ক আলবার্টল্যান্ড আগুদেলো বলেন, এ ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে ২০ জন নিহত হয়েছেন। আহত যাত্রীদের মধ্যে তিন বছর ও আট বছর বয়সী দুই শিশু আছে।
ওই এলাকার যান চলাচল ও পরিবহন ব্যবস্থাপনাসংক্রান্ত পরিচালক কর্নেল অস্কার লাম্প্রিয়া সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় বলেন, বাসটির ব্রেক সিস্টেমে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, কুয়াশাচ্ছন্ন এলাকার একটি রাস্তায় বাঁক নেওয়ার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটিকে সোজা করে হতাহত যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ৯ ঘণ্টা সময় লেগেছে।