অক্সফোর্ডের টিকার চালান দ্রুত পেতে মোদিকে চিঠি বলসোনারোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট
এএফপি প্রতীকী ছবি

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার একটি চালান দ্রুত পেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মোদিকে গত শুক্রবার চিঠিটি দেন বলসোনারো। তাঁর প্রেস অফিস চিঠিটি প্রকাশ করেছে।

করোনা মহামারির লাগাম টানতে ব্রাজিলে দ্রুত টিকাদান কর্মসূচি শুরুর বিষয়ে দেশটির সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে ব্রাজিলের প্রেসিডেন্ট টিকার একটি চালান দ্রুত পেতে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।
ছবি: রয়টার্স

ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান ব্রাজিলে পৌঁছানোর ক্ষেত্রে বিলম্বের আশঙ্কা করা হচ্ছে। তাই এই টিকার চালান দ্রুত পেতে চায় ব্রাজিল। সে জন্যই ভারত সরকারের শীর্ষ পর্যায়ে চিঠি দিল ব্রাজিল।

মোদিকে দেওয়া চিঠিতে বলসোনারো লিখেছেন, ব্রাজিলে জাতীয় টিকাদান কর্মসূচি আশু বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে ২০ লাখ ডোজের চালান তাঁর দেশে সরবরাহ করা হলে তিনি তাঁর প্রশংসা করবেন।

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যে ভারত থেকে ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানির অনুমোদন দিয়েছে।

ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে ব্রাজিল কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে আগেই খবর বের হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ছবি: রয়টার্স

এ ছাড়া ব্রাজিলের প্রাইভেট হেলথ ক্লিনিকের একটি সংগঠন ভারত থেকে ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ টিকা কিনতে উদ্যোগী হয়েছে। তবে এই টিকা ব্যবহারের অনুমোদন চেয়ে এখন পর্যন্ত কোনো আবেদন ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা পড়েনি।

সম্প্রতি ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ ও সেরাম ইনস্টিটিউটে প্রস্তুতকৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ টিকা ব্যবহারের অনুমোদন দেয়।

করোনায় বিশ্বে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। চলতি মাসের মাঝামাঝি ভারত থেকে ‘কোভিশিল্ড’ টিকার চালান হাতে পাওয়ার আশা করছে দেশটি।

গত ৩০ ডিসেম্বর যুক্তরাজ্য প্রথম অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয়। দেশটিতে এই টিকার প্রয়োগও শুরু হয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সাধারণ রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যায়। এই টিকার দুটি করে ডোজ নিতে হয়। দুই ডোজের মধ্যে ব্যবধান চার সপ্তাহ।

ভারত বায়োটেক হায়দরাবাদভিত্তিক একটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান। তারা দেশীয় পদ্ধতিতে কোভ্যাক্সিন নামের টিকা তৈরি করেছে। কোভ্যাক্সিন টিকাটি তিনটি ট্রায়াল ধাপের মধ্যে দুটি সম্পন্ন করেছে। এখন টিকাটির তৃতীয় বা চূড়ান্ত ধাপের ট্রায়াল চলছে।
ব্রাজিলে চীনের টিকা সিনোভ্যাকের ট্রায়াল হয়েছে।