অতিরিক্ত ওজন হলে পদোন্নতি বাতিল
বলিভিয়ার নিরাপত্তা বাহিনীর যেসব সদস্যের ওজন বেশি, তাঁদের তালিকা করতে শুরু করেছে বাহিনীটি। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস অভিযোগ করেন, বাহিনীর বেশির ভাগ সদস্যই মাত্রাতিরিক্ত মোটা হয়ে গেছেন।
সেনা কর্মকর্তারা জানান, সৈনিকদের পদোন্নতির সময় তাঁদের ওজনের বিষয়টি বিবেচনা করা হবে। আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিরক্ষামন্ত্রী রুবেন সাভেদরা সৈনিকদের বলেছেন, অবশ্যই মেধা ও শারীরিক দুই দিক থেকে তাঁদের তৈরি হতে হবে। একই সঙ্গে মোটা পুলিশ সদস্যদের ওজন না কমানো পর্যন্ত তাঁদের নির্ধারিত পোশাক পরতে নিষেধ করা হয়েছে।
আর এর মধ্য দিয়ে সুফলও পেয়েছে দেশটির পুলিশ। বলিভিয়ার তৃতীয় জনবহুল শহর লা পাজের দক্ষিণে ওরুরো শহরে সাধারণ পোশাকে থাকা দুই পুলিশ সদস্য ফুটপাতের বাজারে কয়েকজন চোরকে ধরতে সক্ষম হয়েছেন। নির্ধারিত পোশাকে না থাকার কারণেই পুলিশ সদস্যরা সহজে ওই চোরদের ধরতে পেরেছেন।
২ ডিসেম্বর প্রেসিডেন্ট ইভো মোরালেস সৈনিক ও কর্মকর্তাদের পরামর্শ দিয়ে বলেন, যাঁরা দৈহিক গঠনের বিষয়টি অবহেলা করবেন, তাঁদের পদোন্নতি দেওয়া হবে না। নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিজেদের শরীরকে সুগঠিত রাখা ‘দায়িত্বের’ মধ্যে পড়ে।
তবে সৈনিক ও পুলিশের পক্ষ থেকে খেলাধুলার সুযোগের অভাব থাকার অভিযোগ করা হয়। এরপর সরকার ব্যারাকে ও পুলিশ স্টেশনে খেলার উপকরণ পাঠাচ্ছে।