অভিশংসন ঠেকাতে সর্বোচ্চ আদালতে দিলমা রুসেফ
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ তাঁর বিরুদ্ধে অভিশংসন-প্রক্রিয়া শুরু তথা সাময়িক বহিষ্কার করা ঠেকাতে আদালতের দ্বারস্থ হলেন। গতকাল বুধবারই অভিশংসন প্রস্তাব নিয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ভোট শুরুর কথা। এর আগে গত মঙ্গলবার এ ভোটের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেন রুসেফ।
উচ্চ আদালত রুল জারি করলে শেষ মুহূর্তে ভোট-প্রক্রিয়া স্থগিত হয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এ ব্যাপারে বিচারক কখন রুল জারি করবেন, কিংবা আদৌ করবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র।
ব্রাজিলের রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্ট রুসেফের আবেদনের ব্যাপারে আদালত সাড়া না দিলে এবং বুধবার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিনেটে ভোট হলে এ দিনই লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটির প্রেসিডেন্টের শাসনের শেষ দিন হতে পারে।
রুসেফের বিরুদ্ধে জাতীয় জ্বালানি-সংক্রান্ত সংস্থা পেট্রোব্রাসে দুর্নীতি ও পুনর্নির্বাচনের প্রচারণার সময় তাঁর আগের মেয়াদের আর্থিক সাফল্যের মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।
৭৯ সদস্যের সিনেটে অর্ধেকের বেশির ভোট অভিশংসনের পক্ষে গেলেই রুসেফ ছয় মাসের জন্য বরখাস্ত হবেন। সেই সঙ্গে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারপ্রক্রিয়াও শুরু হবে, যা নিষ্পত্তি হতে কয়েক মাস সময় লাগতে পারে।