দুর্নীতির অভিযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফকে অভিশংসনের বিষয়ে দেশটির পার্লামেন্টে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিতর্ক শুরু হয়েছে। অভিশংসন আনার বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে করা আবেদন আগের দিন নাকচ হয়ে যাওয়ার পর এ উদ্যোগ এল। আগামীকাল রোববার এ বিষয়ে চূড়ান্ত ভোটাভুটি হতে পারে। আইনপ্রণেতারা গতকাল পুলিশের কড়া নিরাপত্তাবেষ্টিত হয়ে দেশটির পার্লামেন্ট কংগ্রেসে পৌঁছান। পার্লামেন্টে অভিশংসনের প্রক্রিয়া ঠেকিয়ে দিতে শেষ মুহূর্তের প্রচেষ্টা হিসেবে প্রেসিডেন্ট রুসেফ দেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে আদালত তাঁর আবেদন গত বৃহস্পতিবার রাতে প্রত্যাখ্যান করেন। পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটাভুটিতে রায় রুসেফের বিরুদ্ধে যাবে বলেই মনে করা হচ্ছে। সেটি হলে বিষয়টি উচ্চকক্ষ সিনেটে গড়াবে। সেখানে এ প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস লেগে যেতে পারে।
এএফপি