অস্ট্রেলিয়ায় গুয়ানতানামো কায়দায় নির্যাতন!
কিউবায় মার্কিন পরিচালনাধীন গুয়ানতানামো বে কারাগারে বন্দীদের ওপর যে ধরনের নির্যাতন চালানো হয়, অস্ট্রেলিয়ায় একটি সংশোধনকেন্দ্রে অনুরূপ নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ, সেখানে কয়েকজন কিশোরের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন।
নির্যাতনের ভিডিও গত সোমবার স্থানীয় একটি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর দেশটিতে হুলুস্থুল পড়ে যায়। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ ঘটনা তদন্তের জন্য কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন।
এবিসি চ্যানেলের দ্য ফোর কর্নারস নামে অনুষ্ঠানে নর্দার্ন টেরিটরি রাজ্যের ডন ডেল সংশোধনকেন্দ্রে কিশোরটির ওপর নির্যাতনের গোপন ভিডিও ফুটেজ প্রচার করা হয়। এতে দেখা যায় এক কিশোরকে বিবস্ত্র করে মারধর করা হচ্ছে এবং তাকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস স্প্রে করা হচ্ছে। এ ছাড়া আরেক কিশোরকে মুখ কালো কাপড় দিয়ে ঢেকে, গলায় কাপড় বেঁধে এবং চেয়ারের সঙ্গে হাত বেঁধে নির্যাতন চালানো হয়।