আঁধারে ভেনেজুয়েলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার এই শিশুর মতো অনেকে এখন রাতে মোমের আলোয় পড়াশোনা করে। ছবি: রয়টার্স
ভেনেজুয়েলার এই শিশুর মতো অনেকে এখন রাতে মোমের আলোয় পড়াশোনা করে। ছবি: রয়টার্স

সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে যায় ভেনেজুয়েলা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সেকেলে লন্ঠন বা মোমের আলোতে কাজ সারতে হয় তখন। বিদ্যুৎঘাটতির জন্য ভেনেজুয়েলার মানুষকে এভাবেই দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে। 

দেশটির পূর্বাঞ্চলীয় শহর পুয়ের্তো অরদাজে অবস্থিত সবচেয়ে বড় বিপণিকেন্দ্র ওরিনোকিয়া শপিং সেন্টার সন্ধ্যা সাতটা নাগাদ বন্ধ হয়ে যায়। কেনাকাটা করে সন্ধ্যা সাতটার মধ্যে ক্রেতা-বিক্রেতাদের তাড়াহুড়ো করে সব গোটাতে হয়।
সম্প্রতি দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে জানানো হয়, বিদ্যুৎঘাটতির কারণে দেশটির বড় বিপণিকেন্দ্রগুলো এখন থেকে সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। অবশ্য শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে সরকার।
ভেনেজুয়েলার শহর পুয়ের্তো অরদাজ। জলবিদ্যুৎ প্রকল্পের আওতায় এই শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গুরি হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট নামে বিশ্বের চতুর্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পটি এই শহরেই অবস্থিত। গোটা ভেনেজুয়েলার পাঁচ ভাগের দুই ভাগ বিদ্যুৎ এই প্রকল্প থেকে দেওয়া হয়। সম্প্রতি এই এলাকার জলাধারগুলো শুকিয়ে যাচ্ছে। পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে। বর্তমানে পানির স্তর দুই মিটার নিচে নেমে গেছে। এ পরিস্থিতিতে টারবাইনের ক্ষতি এড়াতে প্রকল্পের জেনারেটরগুলোও বন্ধ রাখা হচ্ছে। যার ফলে বিদ্যুৎ উৎপাদন থেমে যাচ্ছে। অন্ধকারে ডুবছে দেশ। এর মধ্যে যদি প্রচুর বৃষ্টিপাত না হয়, তাহলে গোটা সপ্তাহ বিদ্যুৎহীন অন্ধকারে থাকার আশঙ্কা রয়েছে ভেনেজুয়েলার।
এল নিনোর প্রভাবে ভেনেজুয়েলায় খরা প্রকট আকার ধারণ করেছে। তবে শুধু অনাবৃষ্টির কারণেই যে বিদ্যুতের বেহাল, তা কিন্তু নয়। ২০১০ সালের পর থেকে এবার তৃতীয়বারের মতো বিদ্যুৎ বিপর্যয় ঘটছে দেশটিতে। গুরি হাইড্রোইলেকট্রিক প্ল্যান্টটি জাতীয় সরকারের নিয়ন্ত্রণে। মানুষের চাহিদা অনুযায়ী এই প্ল্যান্ট থেকে বিদ্যুতের উৎপাদন বাড়ানো হয়নি। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল এই প্ল্যান্ট। কিন্তু ব্যবস্থাপনার অভাবেই আজ এই দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে দেশকে।
বিদ্যুতের এই দুরবস্থার প্রভাব পড়ছে গোটা দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে। দেশে মূল্যস্ফীতি শুরু হয়েছে। চলতি বছর তা সর্বোচ্চ ৪০০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। এর প্রতিবাদে প্রতি রাতেই চলছে বিক্ষোভ আর অবরোধ।
কারিনা নামের একজন স্থানীয় নারী বলেন, ‘আমি আশাবাদী মানুষ। এসব প্রতিবাদ আমার পছন্দ নয়। তবে বর্তমানে দেশে যে অবস্থা চলছে, তা অসহনীয়।’