প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইভরি কোস্টের বৃহত্তম দুই শহর আবিদজান ও বুয়াকেতে ব্যাপক গোলাগুলি চলছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বোনাসের দাবিতে দেশব্যাপী সেনাবাহিনীর সদস্যদের চার দিন ধরে চলা বিদ্রোহ দমনে গতকাল সোমবার সামরিক বাহিনীর অভিযানের মুখে দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। বিদ্রোহী সেনারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে। সেনাপ্রধান জেনারেল সেকু তুগে বিদ্রোহ দমনের প্রতিশ্রুতি দিয়েছেন। বাণিজ্যিক রাজধানী আবিদজানের পার্শ্ববর্তী এলাকায় ব্যারাকের বাইরে সড়ক অবরোধ করে রাখে বিদ্রোহী সেনারা। বিদ্রোহের প্রধান কেন্দ্র বুয়াকের দিকে অগ্রসর হতে শুরু করেছে সরকারের অনুগত সেনারা। আবিদজানে প্রেসিডেন্টের প্রাসাদ ও মার্কিন দূতাবাসের কাছের এক বাসিন্দা টেলিফোনে বলেন, ‘আমি কালাশনিকভ রাইফেল ও ভারী অস্ত্রের গুলির শব্দ শুনছি। ভোর প্রায় পাঁচটার দিক থেকেই প্রচণ্ড গোলাগুলি শুরু হয়।’