আজীবন যুক্তরাষ্ট্রকে উপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেরিলা বিপ্লবী ও কমিউনিস্টদের আদর্শ ফিদেল কাস্ত্রোর নাম কিউবার ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের নাগের ডগায় বসে তিনি নিজের ছোট্ট সমাজতান্ত্রিক দেশটিকে মনের মতো করে সাজিয়েছেন। সাবেক এই প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি রাজনীতি থেকে কখনো অবসর নেবেন না।
২০০৬ সালে অন্ত্রে জরুরি অস্ত্রোপচারের সময় ছোট ভাই রাউলের কাছে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করেন ফিদেল কাস্ত্রো। বর্তমান প্রেসিডেন্ট অবশ্য তাঁর অগ্রজের কট্টর মার্কিনবিরোধী আদর্শ থেকে কিছুটা সরে এসেছেন।
জলপাই রঙের সামরিক কেতার পোশাক, নজরকাড়া দাড়ি আর চুরুটের জন্য বিশেষ পরিচিতি ছিল কাস্ত্রোর। তাঁর বার্ধক্য ও মৃত্যুর মধ্য দিয়ে কিউবায় কমিউনিস্ট শাসনের রং আরও ফিকে হবে কি না, সেটা এক বড় প্রশ্ন। সম্পর্ক পুনঃস্থাপন প্রসঙ্গে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করেন, দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞা দিয়েও কিউবার কমিউনিস্ট সরকারের পতন ঘটানো সম্ভব হয়নি। তবে এখন দেশটিতে গণতন্ত্র প্রবর্তন এবং অর্থনৈতিক সংস্কারের সুযোগ তৈরি হয়েছে।
ফিদেল কাস্ত্রো আজীবন বহু বাধাবিপত্তির মুখে অটল থেকেছেন। গুপ্তহত্যার ষড়যন্ত্র, মার্কিন সহায়তায় কিউবায় হামলার চেষ্টা এবং যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ—সবই মোকাবিলা করেছেন দক্ষতার সঙ্গে।
কাস্ত্রোর জন্ম ১৯২৬ সালের ১৩ আগস্ট, এক ধনী স্প্যানিশ অভিবাসী কৃষক বাবা এবং কিউবান মায়ের ঘরে। ছেলেবেলায় বেসবল খেলা নিয়ে আগ্রহ ছিল তাঁর। ক্রমশ রাজনীতির দিকে ঝুঁকে যান তরুণ কাস্ত্রো। তিনি মার্কিনপন্থী বাতিস্তার সরকার উৎখাতের লক্ষ্যে গেরিলাযুদ্ধের পথে পা বাড়ান।
গেরিলা বাহিনীতে যুক্ত থাকার দায়ে তরুণ কাস্ত্রো দুই বছর কারাভোগ করেন। পরে তিনি ‘বিপ্লবের বীজ বুনতে’ চলে যান স্বেচ্ছা নির্বাসনে। ১৯৫৬ সালের ২ ডিসেম্বর দলবল নিয়ে জাহাজে চড়ে কিউবার উপকূলে পৌঁছান। ২৫ মাস পর তাঁরা বাতিস্তার সরকারের পতন ঘটাতে সমর্থ হন।
কিউবার ক্ষমতা দখলের পর সমাজতান্ত্রিক বিশ্বের তখনকার নেতা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মৈত্রী গড়লেন কাস্ত্রো। স্নায়ুযুদ্ধের যুগের পুরো সময়টাতেই সোভিয়েতবলয়ের ছত্রছায়ায় ছিলেন। ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর পরিস্থিতি বদলে গেলেও কাস্ত্রোর ক্ষমতা ছিল অটুট।
সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ‘ঘরের কাছের’ কাস্ত্রোর সুসম্পর্ককে যুক্তরাষ্ট্র বরাবরই বিপজ্জনক মনে করত। ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটকে ঘিরে প্রায় রুশ-মার্কিন যুদ্ধ লাগতে বসেছিল। স্নায়ুযুদ্ধের সেই তুঙ্গ অবস্থায় কাস্ত্রো বিশ্বমঞ্চে এক কমিউনিস্ট আদর্শ হিসেবে পরিচিতি পান।
কাস্ত্রোর ‘ঔদ্ধত্যে’ যুক্তরাষ্ট্র বরাবর অসন্তুষ্ট, চিন্তিত আর বিব্রত ছিল। কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করার পরও তিনি সদর্পে টিকে থাকায় ওয়াশিংটন বহুবার হতাশা প্রকাশ করেছে। তবে অবরোধ সামাল দিতে কিউবার জনসাধারণকে যে কষ্ট করতে হয়েছে দশকের পর দশক ধরে, তার জন্য বিস্তর সমালোচনাও সয়েছেন কাস্ত্রো। সোভিয়েতের পতনের পর কাস্ত্রো হাভানার নাজুক অর্থনীতি চাঙা করতে নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করে দেন।
১৯৪৮ সালে কাস্ত্রো বিয়ে করেন মার্তা দিয়াজ-বালার্তকে। তাঁর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর কাস্ত্রোর সঙ্গে ঘনিষ্ঠতা হয় নাতি রেভুয়েলতার। পরে সেলিয়া সানচেসের সঙ্গে কাস্ত্রোর পরিচয় হয়। বলা হয়, এই নারীই কিউবার নেতার প্রধান জীবনসঙ্গিনী। ১৯৫৭ সাল থেকে আমৃত্যু (১৯৮০) কাস্ত্রোর সঙ্গে ছিলেন সানচেস। এরপর কাস্ত্রো বিয়ে করেন দালিয়া সোতো দেল ভালকে।