আটলান্টিকের ওপরে জ্বলে গেল গ্রহাণু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পীর তুলিতে জ্বলন্ত গ্রহাণু
শিল্পীর তুলিতে জ্বলন্ত গ্রহাণু

আটলান্টিক মহাসাগরের ওপরের আকাশে ধেয়ে আসা একটি বড়সড় গ্রহাণু জ্বলে ছাই হয়েছে। তিন বছর আগে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল চেলিয়াবিনস্কে একটি মহাজাগতিক বস্তু আছড়ে পড়ার পর এটাই এ ধরনের সবচেয়ে বড় ঘটনা। খবর বিবিসির।
আগুনের গোলার মতো হয়ে আটলান্টিক মহাসাগরের ব্রাজিলীয় উপকূলের কাছে ৬ ফেব্রুয়ারি বিস্ফোরিত হয় গ্রহাণুটি। কিন্তু বিষয়টি প্রকাশ্যে এসেছে মাত্র গত মঙ্গলবার।
গ্রহাণুটি প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসার পর বিস্ফোরিত হয়ে যে শক্তি নির্গত হয়, তা ১৩ হাজার টন টিএনটির সমান। এর আগে ২০১৩ সালের ১৫ রাশিয়ার চেলিয়াবিনস্ক এলাকার ঘটনাটির পর থেকে এ পর্যন্ত এত শক্তিশালী মহাজাগতিক বস্তু পৃথিবীতে আছড়ে পড়েনি। চেলিয়াবিনস্কে পড়া বস্তুটি পাঁচ লাখ টন টিএনটির সমপরিমাণ শক্তি নির্গত করেছিল। এ ঘটনায় আহত হয়েছিল এক হাজারের বেশি মানুষ। তাদের বেশির ভাগই আহত হয় বিস্ফোরণের প্রভাবে ভেঙে যাওয়া ঘরবাড়ির জানালার কাচের আঘাতে।
কিন্তু এবারের গ্রহাণুটির পৃথিবীর বায়ুমণ্ডলে আছড়ে পড়ার প্রভাব সম্ভবত কেউ অনুভব করতে পারেনি। কারণ এটি বিস্ফোরিত হয়েছে আটলান্টিক মহাসাগরের পৃষ্ঠদেশ থেকে ৩০ কিলোমিটার ওপরের আকাশে। ঘটনাস্থলটি ব্রাজিল উপকূল থেকে এক হাজার কিলোমিটার দূরে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘটনাটিকে তাদের ওয়েবসাইটে তালিকাভুক্ত করার পরই বিষয়টি জানাজানি হয়।
বিজ্ঞানীদের হিসাবে প্রতিবছর পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে কমবেশি ৩০টি ক্ষুদ্র গ্রহাণু জ্বলে যায়। এগুলোর আকৃতি ১ থেকে ২০ মিটার পর্যন্ত। পৃথিবীর পৃষ্ঠভাগের বেশির ভাগেই পানি থাকায় প্রায় সব গ্রহাণুই সাগরে পড়ে থাকে।