আত্মহত্যার জন্য সিংহের খাঁচায় লাফ!
আত্মহত্যার জন্য সিংহের খাঁচায় লাফ! হ্যাঁ, এ কাজটিই করেছেন চিলির ২০ বছর বয়সী এক তরুণ। তবে ‘আত্মহত্যা’ করতে ব্যর্থ হয়েছেন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
চিলির রাজধানী সান্তিয়োগোতে মেট্রোপলিটন চিড়িয়াখানায় গত শনিবার এই ঘটনা ঘটান ওই তরুণ। ঘটনার সময় চিড়িয়াখানা মানুষজনের বেশ চাপ ছিল। এর মধ্যেই ওই তরুণ হঠাৎ করে মানুষজনের সামনেই জামা-কাপড় খুলে সিংহকে রাখার সুরক্ষিত বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়েন। সঙ্গে সঙ্গে দুটি সিংহ ওই তরুণের ওপর হামলে পড়ে। আশপাশের লোকজনের চিৎকারে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে নিরাপত্তাকর্মীরা বন্দুক নিয়ে ছুটে যান। গুলি চালিয়ে হত্যা করেন সিংহ দুটিকে। এরই মধ্যে অবশ্য সিংহের থাবা ও কামড়ে ওই তরুণের শরীর ক্ষতবিক্ষত হয়। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ওই হাসপাতালের পরিচালক আলেজান্দ্রা মলতানবা বলেন, ‘ওই তরুণের জীবন বাঁচানো আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। আর তাৎক্ষণিকভাবে সিংহ দুটিকে গুলি করে হত্যা করা ছাড়া আর কোনো পথ আমাদের কাছে খোলা ছিল না।’ তবে সিংহ দুটিকে হত্যার ঘটনায় মলতানবা মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করেন।
আত্মহত্যার চেষ্টাকারী ওই তরুণের পোশাক থেকে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে আত্মহত্যার কথা উল্লেখ করেছিলেন বলে জানান সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।