পানামার প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভারেলা বলেছেন, তাঁর দেশ ২০১৮ সালের মধ্যে আন্তর্জাতিক কর প্রতিবেদন-সংক্রান্ত মান গ্রহণের পাশাপাশি কর-সংক্রান্ত তথ্যের স্বয়ংক্রিয় বিনিময় পদ্ধতিতে অংশ নেবে। গতকাল মঙ্গলবার জাপানি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হুয়ান কার্লোস জাপান সফর করছেন। সেখানে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পানামার অর্থনৈতিক ব্যবস্থাকে বেআইনিভাবে ব্যবহার করতে দেওয়া হবে না। এই বেআইনি কাজ প্রতিরোধে এবং আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে পানামা অন্য দেশগুলোর সহযোগিতা নেবে।
পানামার প্রেসিডেন্ট বলেন, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) একটি প্রতিনিধিদল কয়েক দিনের মধ্যে তাঁর দেশ সফর করবে। তখন কর-সংক্রান্ত তথ্য আদান-প্রদানের পদ্ধতি নিয়ে আলোচনা হবে। ওইসিডি প্রধান হোসে অ্যাঙ্গেল গুরিয়া কর-সংক্রান্ত তথ্য বিনিময়ের আহ্বান জানানোর পর পানামার প্রেসিডেন্ট এ কথা বললেন।