আবার কেঁপে উঠল ইকুয়েডর, মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আবারও কেঁপে উঠল ইকুয়েডর। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। এদিকে, গত শনিবারের শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫২৫-এ দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে প্রায় ১ হাজার ৭০০ মানুষ।
ইকুয়েডরে সর্বশেষ ভূমিকম্পটি আঘাত হানে গতকাল বুধবার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৩ মিনিটে আঘাত হানা এ ভূকম্পনের উৎস ছিল ইকুয়েডরের মুইসনে এলাকা থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে। এর প্রভাবে দেশটির রাজধানী কিটো ও বৃহত্তম শহর গুয়াইয়াকিলে মৃদু কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
এদিকে, গত শনিবারের ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ইকুয়েডরে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫২৫-এ দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া আহত হয়েছে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। গৃহহীন হয়ে পড়েছে আরও কয়েক হাজার মানুষ।
ভূমিকম্পে এখনো নিখোঁজ রয়েছে প্রায় ১ হাজার ৭০০ জন। ইকুয়েডরের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দিয়েগো ফুয়েন্তেস বলেছেন, প্রাথমিকভাবে ২ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে তথ্য পাওয়া গেলেও পরে ৩০০ জনকে খুঁজে পাওয়া গেছে।
তবে ভূমিকম্পে ২৩১ জন নিখোঁজ রয়েছে বলে পরে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিকাডোর পাতিনো।
সরকারের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ইকুয়েডরে জরুরি সহায়তা পৌঁছাতে শুরু করলেও আক্রান্ত এলাকার লোকজন খাদ্য, পানি ও অন্যান্য জরুরি সরবরাহে ঘাটতির অভিযোগ করছে। সেই সঙ্গে নিখোঁজ লোকজনের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে উঠতে শুরু করেছেন।
প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, উদ্ধার ও পুনর্গঠনের কাজে তিন বিলিয়ন ডলারের মতো অর্থের প্রয়োজন হতে পারে। আর এ লক্ষ্যে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।