
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বলেছেন, তাঁর দেশ আর কোনো দিনই আমেরিকা মহাদেশের দেশগুলোর জোট অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসে (ওএএস) ফিরে যাবে না।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সংগঠনটির মহাসচিব লুইস আলমার্গো সম্প্রতি কিউবার ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা ও দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতেই ভেনেজুয়েলার ক্ষমতাসীন নিকোলা মাদুরোর সরকারের প্রতি সংহতি প্রকাশ করে রাউল কাস্ত্রো এ ঘোষণা দেন।
ক্যারিবীয় দ্বীপদেশ কিউবায় ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৬২ সালে ওএএস দেশটিকে জোট থেকে বহিষ্কার করে। দীর্ঘদিন পর সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে হাভানার সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়ায় বড় অগ্রগতির পর অনেকেই বলছেন, কিউবা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা সংগঠনটিতে আবার যোগ দিতে পারে। কিন্তু রাউল তার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিলেন।
হাভানায় অনুষ্ঠিত ক্যারিবীয় দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে রাউল কাস্ত্রো ওএএসকে ‘সাম্রাজ্যবাদীদের আধিপত্যের হাতিয়ার’ বলে আখ্যায়িত করেন।
ভেনেজুয়েলার ক্ষমতাসীন বামপন্থী প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর প্রতি সমর্থন জানিয়ে কাস্ত্রো বলেন, ‘ভেনেজুয়েলার ভাইদের প্রতি, তথা নিকোলা মাদুরোর বৈধ সরকারের প্রতি আমাদের দৃঢ় সমর্থন থাকবে।’
সম্প্রতি ভেনেজুয়েলায় সরকারবিরোধী আন্দোলন বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওএএস-প্রধান বলেন, সংগঠনটির সনদ অনুসারে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা উচিত।