আর্জেন্টিনায় ১৫ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার লা প্লাতা শহরের লা কাছা বন্দিশালায় নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ছবিসহ পোস্টার। ছবি: রয়টার্স
আর্জেন্টিনার লা প্লাতা শহরের লা কাছা বন্দিশালায় নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ছবিসহ পোস্টার। ছবি: রয়টার্স

আর্জেন্টিনায় সত্তরের দশকে লা প্লাতা শহরে লা কাছা নামের একটি বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র পরিচালনার দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক পুলিশপ্রধানসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ওই শহরে ১২৮ জন বন্দীকে অপহরণ, নির্যাতন ও হত্যার দায়ে যে ১৯ জনকে শাস্তি দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে সাবেক ওই মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা রয়েছেন।
আজ শনিবার বিবিসির এক খবরে জানানো হয়, লা প্লাতা শহরে ওই বন্দিশালায় ১২৮ বন্দীকে অপহরণ, হত্যা ও নির্যাতনের অভিযোগে ২১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর মধ্যে ওই বন্দিশালাটি পরিচালনার সঙ্গে যুক্ত দেশটির বুয়েনস এইরেসের সাবেক পুলিশপ্রধান মিগেল এচেকোলাৎজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাইমে লমোন্ত স্মার্ট, সেনা, নৌ, পুলিশ ও কারাগারের কর্মকর্তারা ছিলেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ইটচেকোলাটজ ও স্মার্টসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। চারজনকে ১২ থেকে ১৩ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। শারীরিক কারণে একজনের সাজা স্থগিত করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর একজনকে মুক্তি দেন আদালত।
লা প্লাতা শহরের বাইরের দিকে লা কাছা নামের ওই ব​ন্দিশালাটি একটি রেডিও কেন্দ্রের ভবন ছিল। কিন্তু সেটিকে মাতৃসদন হিসেবে ব্যবহার করত নির্যাতনকারীরা।

আদালতের রায়ে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বামপন্থী কর্মীদের ওপর গণহত্যা চালায়।
এ ছাড়া ১০ বছরের কম বয়সী শিশুদের হত্যা, অপহরণ, গ্রেপ্তার ও গুম করার অপরাধে অভিযুক্ত হন তাঁরা।
১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত আর্জেন্টিনায় সামরিক জান্তা অন্তত ১০ হাজার মানুষকে অপহরণ বা হত্যা করে।