আর্জেন্টিনার নির্বাচনে রক্ষণশীলদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মধ্যডানপন্থী নেতা মাওরিসিয়ো মাকরি। গত রোববারের নির্বাচনে জয়ের পর তিনি দেশে ‘নতুন যুগ’ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন। ১২ বছরের বামপন্থী শাসনকালে দেশটির অর্থনীতি অস্থিতিশীল হয়েছে। খবর এএফপির।
সাবেক ফুটবল নির্বাহী মাকরি ব্যবসাবান্ধব এবং বিদেশি বিনিয়োগের প্রতি আগ্রহী হিসেবে পরিচিত। ১৯৯০-এর দশকের পর তিনিই অর্থনৈতিক বিষয়ে আর্জেন্টিনার সবচেয়ে উদার নেতা হবেন বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে এক দশকের বেশি সময় ধরে প্রেসিডেন্ট ক্রিস্তিনা কির্চনার ও তাঁর প্রয়াত স্বামী নেস্তর কির্চনারের শাসনামলে বিদেশি বিনিয়োগ এবং বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অনুযায়ী মাকরি ৫১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। ক্ষমতাসীন দলের প্রার্থী দানিয়েল সিয়োলি পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ ভোট। তিনি পরাজয় মেনে নিয়েছেন। আর বিজয়ী মাকরি বলেছেন, যুগের পরিবর্তন হয়েছে। ভবিষ্যৎ হবে বিস্ময়কর। সময় এসেছে আর্জেন্টিনাকে দারিদ্র্যমুক্ত করার, মাদক চোরাচালানিদের পরাজিত করার এবং গণতন্ত্রকে শক্তিশালী করার। তিনি অর্থনীতি ও বিনিয়োগকে গতিশীল করবেন এবং অপরাধ দমন করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাবেন।