আর্জেন্টিনার সাবেক একনায়কের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেইনালদো বিগনোনে
রেইনালদো বিগনোনে

আর্জেন্টিনার সাবেক একনায়ক রেইনালদো বিগনোনেসহ সাবেক ১৫ সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন দেশটির এক আদালত। ‘অপারেশন কন্ডোর’ কর্মসূচির অংশ হিসেবে বামপন্থী ভিন্নমতাবলম্বীদের অপহরণ ও হত্যার অভিযোগে গত শুক্রবার তাঁদের দোষী সাব্যস্ত করে ওই সাজা দেওয়া হয়। রেইনালদো বিগনোনেকে ২০ বছরের কারাদণ্ড দেন আদালত।
১৯৭০ ও ৮০-এর দশকে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, ব্রাজিল ও বলিভিয়ায় কায়েম থাকা একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার অধীনে প্রতিপক্ষের নির্বাসিত লোকজনকে খুঁজে বের করে হত্যার অভিযান ‘অপারেশন কন্ডোর’ নামে পরিচিত। ৮৮ বছর বয়সী সাবেক একনায়ক রেইনালদো বিগনোনে এর জন্য বিচার হওয়া সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি। এ ছাড়া ১৬ জন আসামির মধ্যে ১৪ জনকে ৮ থেকে ২৫ বছরের সাজা দেওয়া হয়। বাকি দুজনকে খালাস দেন আদালত।
রায়ে আদালত ১৯৭৬ থেকে ১৯৮৩ সালে আর্জেন্টিনায় একনায়কতন্ত্র চলাকালে ১০৫ জন নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করেন।
এই রায়কে স্বাগত জানিয়েছেন মানবাধিকার আন্দোলনকর্মীরা। মামলায় অনেক বাদীর পক্ষে লড়া আইনজীবী লুজ পালমাস জালডুয়া বলেন, এটি আর্জেন্টিনার রাষ্ট্রীয় সন্ত্রাস, অপরাধমূলক ষড়যন্ত্র ছিল—রায়ে কেবল এ কথাই নয়, বরং অন্য একনায়কদের সঙ্গে সমন্বিতভাবে এ কাজ করা হয়েছিল বলেও নির্ধারিত হয়েছে।