ইকুয়েডরে ভূমিকম্পে নিহত ২৩৫
ইকুয়েডরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও প্রায় দেড় হাজার মানুষ আহত হয়।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপকূলীয় শহর মুইসনের কাছে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
ভূমিকম্প আঘাত হানার পর দেশটির ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ন্যাশনাল গার্ডের সদস্যদের নামানো হয়েছে। বিবিসির খবরে বলা হয় ১০ হাজার সেনা এবং সাড়ে তিন হাজার পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ভবন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
ভূমিকম্পে রাজধানী কিটোর ভবনগুলো কেঁপে ওঠে। বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারা ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে। রাজধানীর বিভিন্ন অংশ কিছু সময়ের জন্য বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
দেশটির বৃহত্তম গোয়েকুইল শহরে একটি সেতু ধসে পড়েছে। এর নিচে চাপা পড়েছে গাড়ি।
মানতা শহরের একটি বিমানবন্দর টাওয়ার বিধ্বস্ত হয়েছে।
পূর্বসতর্কতা হিসেবে দেশটির একটি বড় তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকদের জীবন রক্ষায় জরুরি বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডরের কোনো কোনো উপকূলে সুনামি আঘাত হানতে পারে।
উদ্ভূত পরিস্থিতিতে উপকূলীয় এলাকা ত্যাগ করতে সেখানকার অধিবাসীদের পরামর্শ দিয়েছে সরকার।
প্রতিবেশী দেশ পেরু তাদের উত্তর উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে।