এবার ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত
এবার ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল রোববার দেশটির ভাইস প্রেসিডেন্টের দপ্তর জানায়, হ্যামিলটন মুরাও করোনা পরীক্ষা করেছেন। পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ এসেছে।
গত জুলাই মাসে দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো করোনায় সংক্রমিত হন। পরে তিনি সেরে ওঠেন। দেশটির আরও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইতিমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন।
ব্রাজিলের ভাইস প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, গতকাল বিকেলে তাঁর করোনা শনাক্ত হয়। এখন তিনি তাঁর সরকারি বাসভবনে আইসোলেশনে থাকবেন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল নতুন করে ১৮ হাজার ৪৭৯ জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানায়। এ ছাড়া আরও ৩৪৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।
বিশ্ব করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থান তৃতীয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ব্রাজিলে এখন পর্যন্ত প্রায় ৭৫ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় ১ লাখ ৯১ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো শুরু থেকেই করোনার ভয়াবহতাকে অবজ্ঞা করে আসছেন। করোনা মোকাবিলায় তাঁর সরকারের পদক্ষেপ নিয়ে ব্রাজিলে তীব্র সমালোচনা আছে। করোনার টিকা নিয়েও তাঁর ভূমিকা বিতর্কের জন্ম দিয়েছে।