এল সালভাদরে পানশালায় গুলি, নিহত ৬
মধ্য আমেরিকার সবচেয়ে ছোট দেশ এল সালভাদরের রাজধানী সান সালভাদরের এক পানশালায় গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আক্রমণকারীরা তিনজন ছিলেন। এর মধ্যে একজনকে আটক করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, রেস্তোরাঁর ঘটনাসহ রোববার এল সালভাদরের সহিংসতার ঘটনায় মোট ১৩ জন নিহত হয়েছেন।
প্রেসিডেন্ট নায়িব বুকেলের সরকার সহিংসতা হ্রাস এবং নির্বাচনের সময় সমর্থন দেওয়ার বিনিময়ে কারাগারে বন্দী গ্যাং লিডারদের সমর্থন দিয়েছে বলে অভিযোগ করে প্রতিবেদন প্রকাশ করে অনলাইন পত্রিকা এল ফারো। এর পরপরই দেশটিতে হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে গেছে।
এর আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এল সালভাদরের ডিরেক্টর অব প্রিজনস অসিরিস লুনা মেজা এ ধরনের কোনো চুক্তির বিষয়টি অস্বীকার করেন।
বিশ্বের সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটা দেশগুলোর মধ্যে এল সালভাদর একটি। এগুলোর বেশির ভাগই গ্যাং–সংক্রান্ত। তবে এ বছরের শুরুতে দেশটিতে ২০১৯ সালের তুলনায় খুনের ঘটনা ৬২ দশমিক ৮ শতাংশ কমে যায়। প্রেসিডেন্ট বুকেলে ২০১৯ সালের জুনে ক্ষমতা নেওয়ার পর খুনের ঘটনা কমে গেছে বলে কৃতিত্ব দাবি করেন।
এল সালভাদরে অপরাধ কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন বুকেলে। তিনি ক্ষমতায় আসার পর টানা ৩০ দিন দেশটিতে কোনো খুনের ঘটনা ঘটেনি। তিনি ওই সময় টুইটারে দিনগুলো উদযাপন করেন।
রোববার টুইটারে করা এক পোস্টে বুকেলে জানান, তিনি অপরাধ কমাতে নিরাপত্তা পরিষদের সঙ্গে সভা করেছেন। তিনি দেশটির পুলিশের কাছ থেকে প্রকৃত ফল চান।
পুলিশ বলছে, পানশালায় গুলির ঘটনায় আটক হওয়া ব্যক্তি একটি গ্যাংয়ের সদস্য। তবে এ গোলাগুলির উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আক্রমণকারীরা রেস্তোরাঁয় ঢুকে কোনো কথা না বলেই কাছাকাছি দূরত্ব থেকে গুলি চালায়। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, নিহতের একজন রেস্তোরাঁর মালিক। নিহত ব্যক্তিদের বয়স ১৬ থেকে ৬৩ বছরের মধ্যে।