করোনার বিরুদ্ধে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছে ব্রাজিলের সাপের বিষ: গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন ব্রাজিলের গবেষকেরা। তাঁরা বলছেন, দেশটিতে পাওয়া যায়, এমন একটি প্রজাতির সাপের বিষে থাকা উপাদান করোনা রোধে বেশ কার্যকর বলে দেখা গেছে। প্রাথমিকভাবে বানরের কোষের ওপর এ নিয়ে পরীক্ষা চালানো হলেও গবেষকেরা ধারণা করছেন, সফলতার দিকে এটি প্রথম ধাপ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চলতি মাসেই ‘মলিকিউলস’ নামের একটি বিজ্ঞানবিষয়ক সাময়িকীতে ওই গবেষণার বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, বানরের শরীরের কোষে জারারাকুসু নামের সাপের বিষে পাওয়া উপাদান করোনাভাইরাসের পুনরুৎপাদনক্ষমতা ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়।

জারারাকুসু ব্রাজিলের দীর্ঘাকৃতির সাপগুলোর মধ্যে একটি। ব্রাজিল ছাড়াও বলিভিয়া, প্যারাগুয়ে ও আর্জেন্টিনায় সাপগুলোর দেখা মেলে। মারাত্মক বিষধর এ সাপ ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে।

জারারাকুসু সাপের বিষ কীভাবে করোনার বিরুদ্ধে কাজ করে, তা জানিয়েছেন ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক রাফায়েল গুইদো। তিনি বলেন, করোনাভাইরাসের পুনরুৎপাদনে মূল ভূমিকা রাখে ভাইরাসটির ‘পিএলপ্রো’ নামের একটি এনজাইম। সাপের বিষের উপাদানে থাকা ‘অ্যামিনো অ্যাসিডের চেইন’ ওই এনজাইমের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। ফলে করোনার পুনরুৎপাদনক্ষমতা কমে আসে।

বিষে থাকা এই ‘অ্যামিনো অ্যাসিডের চেইন’ বা পেপটাইড গবেষণাগারে উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন গবেষক রাফায়েল গুইদো। তাই বিষের জন্য জারারাকুসু নামের সাপ শিকার বা এর খামার গড়ে তোলার কোনো প্রয়োজন নেই বলে উল্লেখ করেছেন তিনি।

তবে এরপরও সাপটি শিকার করা নিয়ে শঙ্কিত ব্রাজিলের জীববিদ্যাবিষয়ক গবেষণাকেন্দ্র বুতানতান ইনস্টিটিউটের কর্মকর্তা গিউসেপে পুয়োর্তো। তিনি বলেছেন, ‘আমরা আশঙ্কা করছি, ব্রাজিলজুড়ে মানুষ জারারাকুসু শিকারে বের হবে। তাদের মনে হবে, তারা বিশ্বকে রক্ষা করতে যাচ্ছে। তবে বিষয়টি এমন নয়। শুধু সাপের বিষই করোনা সারিয়ে তুলতে পারে না।’

এদিকে বানরের শরীরে আরও পরীক্ষা চালানোর পর বিষের উপাদানটি মানুষের কোষের ওপর প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন গবেষকেরা। তবে তা কবে থেকে শুরু হবে, তা উল্লেখ করা হয়নি।