জিকা ভাইরাস: জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কলম্বিয়া, ব্রাজিলে আক্রান্ত কয়েক হাজার অন্তঃসত্ত্বা নারী
কলম্বিয়ায় দুই হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্রাজিলেও অনেক অন্তঃসত্ত্বা নারী মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত বলে আশঙ্কা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে গতকাল সোমবার জরুরি বৈঠক করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর রয়টার্স ও এএফপির।
এএফপির খবরে বলা হয়, ডব্লিউএইচওর জরুরি কমিটির গতকাল জিকা নিয়ে জেনেভায় বৈঠকে বসার কথা। বৈঠকে মূলত জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করা হবে কি না, সে বিষয়ে বিতর্ক হওয়ার কথা।
জাতিসংঘের এই স্বাস্থ্যবিষয়ক সংস্থা গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছিল, দুই আমেরিকা মহাদেশে জিকা ভাইরাস ‘বিস্ফোরকের মতো করে ছড়িয়ে পড়ছে’। এর আগে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে প্রাণঘাতী ইবোলা ভাইরাস মোকাবিলায় ডব্লিউএইচও ঠিকমতো সাড়া দিতে পারেনি বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তারা এটা স্বীকারও করে নিয়েছে। এমন প্রেক্ষাপটে জিকা ভাইরাস রুখতে দ্রুততার সঙ্গে কাজ করার বিষয়ে বর্তমানে চাপে রয়েছে ডব্লিউএইচও।
রয়টার্সের খবরে বলা হয়, কলম্বিয়া, ব্রাজিল, ইকুয়েডর, এল সালভাদর, জ্যামাইকা, পুয়ের্তোরিকাসহ আমেরিকার দেশগুলোতে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব সম্প্রসারণ অব্যাহত রয়েছে। কম্বোডিয়ার জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট গত শনিবার জানায়, দেশটিতে এ পর্যন্ত ২০ হাজার ২৯৭ জনের দেহে এ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ১১৬ জন অন্তঃসত্ত্বা নারী। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর মেলেনি।
ইনস্টিটিউট জানিয়েছে, জিকা ভাইরাসে আক্রান্ত এই নারীদের ৩৭ দশমিক ২ শতাংশই কলম্বিয়ার নরতে দ্য স্যান্তানদার প্রদেশের, যেটি ভেনেজুয়েলা সীমান্তে অবস্থিত।
এখন পর্যন্ত বিশ্বের ২৩টি দেশে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব নিশ্চিত হওয়া গেছে, যার সব কটিই আমেরিকায় অবস্থিত। ডব্লিউএইচও বলছে, আমেরিকার দুটি মহাদেশে ৪০ লাখের মতো মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ব্রাজিল।
ব্রাজিলের রেসিফে শহরে প্রথম জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল। রেসিফে শহরের আইএমআইপি হাসপাতালে প্রতিদিন ডজন ডজন সন্তানসম্ভবা উদ্বিগ্ন নারী ভিড় করছেন ‘আলট্রাসাউন্ড স্ক্যান’ করাতে। এর মাধ্যমেই বোঝা যাবে, তাঁদের অনাগত সন্তানের মাথা সংকুচিত বা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত কি না, যা জিকায় আক্রান্ত হওয়ার লক্ষণ। আইএমআইপি হাসপাতালে গত আগস্ট মাস থেকে এখন পর্যন্ত এ ধরনের ১৬০টি নবজাতকের জন্ম হয়েছে। আর ব্রাজিলজুড়ে এ সংখ্যা ২৭০।