কলম্বিয়া সীমান্তে জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কলম্বিয়ার সঙ্গে সীমান্তবর্তী এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য নিহতের জেরে এ পদক্ষেপ নিলেন তিনি। খবর রয়টার্সের।
ভেনেজুয়েলার তাচিরা রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পেট্রল ও খাদ্যপণ্যের চোরাকারবারিদের সংঘর্ষ দিন দিন বাড়ছে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে নতুন এ পদক্ষেপটি তাচিরা রাজ্যের পাঁচটি পৌরসভায় ৬০ দিনের জন্য বলবৎ থাকবে।
শুক্রবার রাতে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে নিকোলাস মাদুরো বলেন, এলাকায় শান্তি ফেরাতে বেসামরিক নাগরিক ও সেনা কর্তৃপক্ষকে পর্যাপ্ত ক্ষমতা দিল এই ডিক্রি (আদেশ)। পাশাপাশি হামলাকারীরা ধরা না পড়া পর্যন্ত কলম্বিয়া ও ভেনেজুয়েলার মধ্যে সীমান্ত পারাপারের আন্তর্জাতিক সেতুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি। এর আগে গত বুধবার কলম্বিয়ার সঙ্গে সীমান্ত পারাপারে দুটি সীমান্ত ৭২ ঘণ্টার জন্য বন্ধ করে দেন মাদুরো।
জরুরি অবস্থা জারি করা এলাকায় কেবল মানবাধিকার-সম্পর্কিত বিষয় ছাড়া বাকি সাংবিধানিক অধিকার এখন থেকে স্থগিত থাকবে। কার্যকর থাকবে সামরিক আইন।
ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়, চোরাকারবারির দায়ে গত বছর ছয় হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।