কলম্বিয়ার শীর্ষ বিদ্রোহী নেতাকে হত্যা
কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) প্রথম সারির একজন নেতাকে হত্যা করেছে সেনাবাহিনী। দেশটির কর্তৃপক্ষ গত রোববার এ খবর জানিয়েছে। মারকুইটোস ও মারকোস নামে পরিচিত এই গেরিলা কমান্ডার ১৯৯৯ সালে একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন বলে ধারণা করা হয়। খবর এএফপি ও বিবিসির।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস এ জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছেন। বর্তমানে ইতালি সফরে থাকা সান্তোস এক টুইটার বার্তায় লিখেছেন, ‘মারকুইটোস নামে পরিচিত এই বিদ্রোহী ইএলএনের দারিও মার্টিনেজ ফ্রন্টের নেতা এবং গেরিলা গোষ্ঠীটির জাতীয় নেতৃত্বের একজন সদস্য ছিলেন। তাঁকে হত্যা করা হয়েছে। এ জন্য সশস্ত্র বাহিনীকে অভিনন্দন।’
সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, মারকুইটোসের প্রকৃত নাম হোসে আমিন হার্নান্দেজ। কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ অ্যান্টিকুইয়াতে পুলিশ ও সশস্ত্র বাহিনীর এক অভিযানে তিনি নিহত হয়েছেন। এ ঘটনাকে ইএলএনের জন্য একটি ‘চূড়ান্ত ধাক্কা’
হিসেবে বর্ণনা করা হয়েছে ওই বিবৃতিতে।
সেনাবাহিনীর ভাষ্যমতে, হার্নান্দেজ অ্যান্টিকুইয়া ও বলিভার প্রদেশে ইএলএনের ১৩টি ইউনিটের নেতৃত্বে ছিলেন। কলম্বিয়ার ওই এলাকাগুলো মাদক ও অস্ত্র ব্যবসা এবং অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলনের জন্য পরিচিত।
কলম্বিয়ায় ভূমি ও সম্পদের অসম বণ্টনের বিরুদ্ধে লড়াই করতে ১৯৬৪ সালে গঠিত হয় ইএলএন। বর্তমানে গেরিলা গোষ্ঠীটির দুই হাজার থেকে আড়াই হাজারের মতো সক্রিয় সদস্য রয়েছে বলে অনুমান করা হয়ে থাকে।
কলম্বিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) বর্তমানে সরকারের সঙ্গে শান্তি আলোচনায় রয়েছে। তবে ইএলএন এখনো এই শান্তি প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়নি। ইএলএনকে কিউবার হাভানায় চলমান শান্তি আলোচনায় যোগ দিতে বেশ কয়েকবার আহ্বান জানিয়েছে ফার্ক গেরিলারা।
১৯৬৪ সালে ফার্ক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত লড়াইয়ে দুই লাখের বেশি মানুষের প্রাণহানির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে ৬০ লাখ লোক।