কলম্বিয়ায় অবশেষে সরকার-ফার্ক চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধশতাব্দীর সশস্ত্র লড়াই শেষে কলম্বিয়ার বামপন্থী গেরিলা সংগঠন রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) দেশটির সরকারের সঙ্গে শান্তিচুক্তি করেছে। কিউবার রাজধানী হাভানায় গত বুধবার কলম্বিয়ার সরকার ও ফার্ক এ চুক্তির ঘোষণা দেয়। চার বছর ধরে একটি চুক্তির জন্য মধ্যস্থতা করে আসছিল কিউবা।
১৯৬৪ সালে ফার্ক তাদের সশস্ত্র আন্দোলন শুরু করে। সে সময় পুরো দক্ষিণ আমেরিকায় বইছিল বামপন্থী বিপ্লবের ধারা। দীর্ঘ এ সশস্ত্র লড়াইয়ে ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় প্রায় ৬৮ লাখ মানুষ। নিখোঁজ হয় ৪৫ হাজার।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস এই চুক্তির পর বলেন, ‘কলম্বিয়ায় আর কোনো মানুষ নিগৃহীত হোক, তা চাই না। সরকার ও ফার্ক শান্তিচুক্তি করেছে। এর ফলে মানুষের কষ্টের অবসান হবে, সংঘাতের চির অবসান ঘটবে।’
সরকারের সঙ্গে ফার্কের চুক্তির পর অনেকে এর সমালোচনা করলেও চুক্তিকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার রাতেই দেশের বিভিন্ন শহরে চুক্তিকে অভিনন্দন জানিয়ে মিছিল হয়।
সম্পাদিত ছয় দফা চুক্তির মধ্যে আছে সশস্ত্র লড়াইয়ের সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ, ভূমি সংস্কার, বিদ্রোহীদের রাজনৈতিক পুনর্বাসন, মাদক চোরাচালান বন্ধ, অস্ত্র সমর্পণ এবং চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ।
এর আগে তিন দফায় ফার্কের সঙ্গে হওয়া চুক্তি শেষতক ব্যর্থ হয়। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সেনাবাহিনী ফার্কের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। এতে দুর্বল হয়ে যাওয়া ফার্ক পরে আলোচনায় সম্মত হয়।