কলম্বিয়ায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি, অল্পের জন্য রক্ষা
হেলিকপ্টারে করে ভেনেজুয়েলাসংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে মারকেজ। হঠাৎই শুরু হয় গোলাগুলি। গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট ইভান ও তাঁর সফরসঙ্গীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ শনিবার জানিয়েছে, ঘটনাটি গতকাল শুক্রবারের। প্রেসিডেন্ট ইভান নিজেই একটি ভিডিও বার্তায় এ ঘটনার কথা জানিয়েছেন। ওই সময় তিনি কলম্বিয়ার নর্তে দে সান্তান্দের প্রদেশে ভেনেজুয়েলাসংলগ্ন সীমান্ত এলাকার সিকুতা শহরে গিয়েছিলেন। এ সময় কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাদেশিক গভর্নর তাঁর সঙ্গে ছিলেন। সফরকালে গুলির মুখে পড়ে প্রেসিডেন্ট ইভানকে বহনকারী হেলিকপ্টার।
এ ঘটনায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত আছেন প্রেসিডেন্ট ও তাঁর সফরসঙ্গীরা, জানিয়েছেন প্রেসিডেন্ট ইভানের একজন মুখপাত্র। আর প্রেসিডেন্ট ইভান এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আমি এ ধরনের সংঘাত ও সন্ত্রাসবাদে ভীত নই।’
টুইটারে পোস্ট করা ভিডিওতে প্রেসিডেন্ট ইভান বলেন, ‘আমাদের দেশ বেশ শক্তিশালী এবং কলম্বিয়া এমন হুমকিকে শক্ত হাতে মোকাবিলা করবে। এ হামলার পেছনে কে বা কারা জড়িত, তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
কলম্বিয়ার সীমান্ত এলাকার ওই প্রদেশ বামপন্থী সশস্ত্র সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। ভূমি ও সম্পদ বণ্টনের বৈষম্যের বিরুদ্ধে ১৯৬৪ সাল থেকে লড়ছে সংগঠনটি। কলম্বিয়া সরকার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তবে প্রেসিডেন্ট ইভানকে বহনকারী হেলিকপ্টারে হামলার পেছনে এ সংগঠন যুক্ত কি না, তা এখনো জানা যায়নি।
চলতি মাসের শুরুতে স্থানীয় একটি সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় যুক্তরাষ্ট্রে দুজন সামরিক উপদেষ্টাসহ মোট ৩৬ জন আহত হন। তবে এ হামলার পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ন্যাশনাল লিবারেশন আর্মি।