কলম্বিয়ায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার বামপন্থী সশস্ত্র দল রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সঙ্গে সরকারের সম্পাদিত শান্তিচুক্তি গতকাল সোমবার থেকে কার্যকর হয়েছে। এর ফলে দক্ষিণ আমেরিকার দেশটিতে ৫২ বছরের সশস্ত্র লড়াইয়ের অবসান হলো।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস এবং ফার্কের প্রধান টিমোলিয়ন জিমেনেজের পূর্ণ শান্তিচুক্তি বাস্তবায়নের নির্দেশ দেন গত রোববার মধ্যরাতে। সান্তোস টুইটার বার্তায় বলেন, ‘আজকের দিন থেকে কলম্বিয়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরা অস্ত্র বন্ধ করেছি। ফার্কের সঙ্গে লড়াইয়ের অবসান হলো।’ সান্তোস ফার্কের বিরুদ্ধে অভিযান বন্ধের জন্য দেশটির নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন।
একই সময়ে ফার্কের পক্ষ থেকে দেওয়া আরেক বার্তায় বলা হয়, ‘এ মুহূর্ত থেকে দ্বিপক্ষীয় ও চূড়ান্ত যুদ্ধবিরতি কার্যকর শুরু হলো।’
১৯৬৪ সাল থেকে শুরু হওয়া এই সশস্ত্র লড়াইয়ে অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারায়। নিখোঁজ হয় ৪৫ হাজার মানুষ। প্রায় ৭০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে এ লড়াইয়ে। সরকারি বাহিনীর সঙ্গে ফার্কের এই লড়াইকে লাতিন আমেরিকার সর্বশেষ গৃহযুদ্ধ হিসেবে গণ্য করা হয়।