কলম্বিয়ায় ৩১৭৭ অন্তঃসত্ত্বা জিকায় আক্রান্ত
কলম্বিয়ায় ৩ হাজার ১০০ জনের বেশি অন্তঃসত্ত্বা নারী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এ তথ্য জানান। এদিকে প্রাদুর্ভাব উপেক্ষা করেই সবচেয়ে বেশি জিকা ভাইরাসে আক্রান্ত দেশ ব্রাজিলের লাখো মানুষ বার্ষিক কার্নিভ্যালে যোগ দিয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির।
রয়টার্সের খবরে বলা হয়, আমেরিকাজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এডিস মশাবাহিত জিকা ভাইরাস। ব্রাজিলসহ আমেরিকার ২০টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। জরুরি অবস্থা জারিও করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। জিকায় আক্রান্ত হয়ে প্রথমবারের মতো তিনজনের মৃত্যুর কথা শনিবার জানায় কলম্বিয়া। এরপর স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এক টিভি অনুষ্ঠানে প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, কলম্বিয়ায় ২৫ হাজার ৬৪৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অন্তঃসত্ত্বা নারী রয়েছেন ৩ হাজার ১৭৭ জন। এ সময় প্রায় ৬ লাখ মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। বলা হচ্ছে, জিকা ভাইরাসের সঙ্গে সম্পৃক্ত বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হতে পারেন ১ হাজার মানুষ। বক্তব্যে দেশজুড়ে মশা নিধন করার পরিকল্পনার কথা তুলে ধরেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।
কলম্বিয়ায় এখন পর্যন্ত মাইক্রোসেফালিতে (নবজাতকের অস্বাভাবিক ছোট মাথা) আক্রান্ত হওয়ার ঘটনা নেই।
বিবিসির খবরে বলা হয়, ব্রাজিলে জিকা নিয়ে উদ্বেগ সত্ত্বেও বার্ষিক কার্নিভ্যালের প্রথম দিনে লাখ লাখ মানুষ যোগ দেন। সবচেয়ে বেশি জিকা আক্রান্ত শহর রেসিফির কার্নিভ্যালে রঙিন পোশাক পরে যোগ দেন ১০ লাখের বেশি মানুষ। উৎসবে জনাকীর্ণ ছিল রিও ডি জেনিরো শহরও। এর মধ্যেও জিকা ভাইরাসের ঝুঁকি সম্পর্কে দেশবাসী ও পর্যটকদের সচেতন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিলি করা হয় প্রচারপত্র। জানানো হয়, মশার বংশবিস্তার রোধে বদ্ধ পানির ডোবা নির্মূলে আগামী সপ্তাহে ব্যাপকভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। আর এতে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ।