কাঁদানে গ্যাসের মুখে বেহালার সুর
ভেনেজুয়েলার কারাকাসের সড়কগুলো এখন ছোট ছোট যুদ্ধক্ষেত্র। কয়েক সপ্তাহ ধরে সড়কে প্রতিবাদী মানুষের বিক্ষোভ মিছিল। তারা মনে করছে, দেশ ভালো চলছে না, শাসকেরা ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠছে। তাই চলছে এই প্রতিবাদের মিছিল। সেই মিছিল ছত্রভঙ্গ করতে কখনো চলে লাঠিপেটা, কখনো কাঁদানে গ্যাস নিক্ষেপ। সংঘর্ষ-সংঘাত নিত্যদিনের চিত্র। তবে গতকাল সোমবার একটি ঘটনা হঠাৎ করেই দ্রোহের মিছিলে অন্য রকম আবহ এনে দেয়।
সিএনএনের আজ মঙ্গলবারের খবরে বলা হয়েছে, মিছিল চলাকালে যখন স্লোগানে মুখর চারদিক, আন্দোলনকারী আর পুলিশের মধ্যে চলছে ইটপাটকেল ও কাঁদানে গ্যাসের পাল্টাপাল্টি নিক্ষেপ; তখন হঠাৎ করেই শোনা গেল বেহালার সুমধুর সুর। আর তাতে বাজছিল দেশটির জাতীয় সংগীত। মিছিলে এমন সুরের আওয়াজ পেয়ে কান খাড়া করলেন স্বাধীনভাবে কাজ করা ভিডিও সাংবাদিক ইভ এন আর্নেস্তো রেইজিস। কোথা থেকে ভেসে এল এই সুরেলা ধ্বনি, তা খুঁজতে শুরু করেন তিনি।
সেই গল্পটা শোনা যাক আর্নেস্তোর মুখেই। তিনি বললেন, প্রায় দেড় ঘণ্টা পর তিনি বেহালাবাদককে খুঁজে পেলেন। যিনি বাজাচ্ছিলেন, তাঁর বয়স বেশ কম। ২০ বছরের বেশি হবে না। সঙ্গে সঙ্গে ভিডিও করতে শুরু করেন তিনি। সে সময় তাঁকে ঘিরে ছিল অন্য আন্দোলনকারীরা। তাঁকে পুলিশের হাত থেকে বাঁচাতে তৎপর ছিল অন্যরা। কিন্তু মিছিলের কোনো কেওয়াজই যেন স্পর্শ করছিল না ওই তরুণকে। আপনমনে তিনি বাজিয়ে যাচ্ছিলেন।
আর্নেস্তো এই ভিডিও তাঁর টুইটারে পোস্ট করেন। লিখেন, ‘আমি আজকে জাদুবাস্তবতার সত্যিকারের উদাহরণ দেখলাম। গুলি আর কাঁদানে গ্যাসের মুখে দাঁড়িয়ে একজন প্রতিবাদকারী বেহালায় জাতীয় সংগীতের সুর তুললেন। বোমা আর দমননীতিকে অগ্রাহ্য করে তিনি আপনমনে সুরের সাগরে ভেসেছেন। একটুও থামেননি।’ তবে কে এই বেহালাবাদক, তাঁর নাম জানাতে পারেননি আর্নেস্তো।