কারও কাছেই ঋণী নই, আমার কোনো ভয়ও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা তেল সংস্থা পেট্রোবাসের ঘুষ কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে তিনি লড়বেন। গত শুক্রবার পুলিশ লুলার সাও পাওলোর বাসায় তল্লাশি চালায় এবং জিজ্ঞাসাবাদের জন্য কিছু সময়ের জন্য সাবেক প্রেসিডেন্টকে আটকও করে। খবর বিবিসির।
জিজ্ঞাসাবাদ শেষে অনমনীয় মনোভাব দেখিয়ে সাংবাদিকদের লুলা বলেন, তাঁর কোনো কিছুর ভয় নেই।
ব্রাজিলের সুপরিচিত বামপন্থী নেতা লুলা (৭০) টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর ২০১১ সালে ক্ষমতা থেকে বিদায় নেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের দাতব্য সংস্থা লুলা ইনস্টিটিউটের জন্য দান হিসেবে ও ভাষণের জন্য অবৈধভাবে ৮০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। আদালতের কৌঁসুলি বলেছেন, ‘কার ওয়াশ কেলেঙ্কারি’ নামে পরিচিত পেট্রোবাস কেলেঙ্কারিতে যুক্ত বলে সন্দেহভাজন পাঁচজন বড় ব্যবসায়ীর কাছ থেকেই আসে লুলা ইনস্টিটিউটের ৬০ শতাংশ দান।
পেট্রোবাস তদন্তের জেরে লুলার ওয়ার্কার্স পাটির কয়েকজন নেতা ও বড় ব্যবসায়ীর বিরুদ্ধে ওঠে অভিযোগ। এর জেরে শুক্রবার পুলিশ সাবেক প্রেসিডেন্ট লুলার বাসায় তল্লাশি অভিযান চালায়।