কারাকাস-ওয়াশিংটন উত্তেজনা বাড়ার আশঙ্কা
মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দুই আত্মীয়কে গ্রেপ্তারের ঘটনায় কারাকাস ও ওয়াশিংটনের মধ্যেকার উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভেনেজুয়েলার ফার্স্টলেডির দুই ভাইপোকে হাইতিতে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মাদক পাচারের মামলায় বিচারের মুখোমুখি হবেন তাঁরা।
ব্যক্তিগত বিমানে করে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে পৌঁছানোর পর সেখানে স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ওই দুই আত্মীয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন পাচার-যড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
স্থানীয় সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার ওই দুজনকে নিউইয়র্কের ফেডারেল আদালতে তোলার কথা।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া দুজন হলেন—ইফরা এন কামপোস ও ফ্রান্সেসকো ফ্লোরেস।
ভেনেজুয়েলা এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।