কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার আহ্বান
ধনী দেশগুলোর কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনার দাবি তুলেছে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো। পেরুর লিমায় চলমান জলবায়ু সম্মেলনে গত মঙ্গলবার এই দাবি ওঠে। এই দাবি কতটা আমলে নেবে উন্নত দেশগুলো, তা অনিশ্চিত। কেননা, বেশির ভাগ দেশই এবারের সম্মেলনে মন্ত্রী পর্যায়েরও কাউকে পাঠায়নি। খবর গার্ডিয়ানের।
গত সোমবার লিমায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্বের ১৯০টি দেশ অংশ নিচ্ছে। এবারের সম্মেলনে আগামী বছরে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে একটি চুক্তি স্বাক্ষরের জন্য খসড়া প্রস্তুত করা হবে। বাড়তে থাকা বৈশ্বিক উষ্ণতা রোধ করে বন্যা, খরা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধের লক্ষ্যে সেই চুক্তি স্বাক্ষরিত হবে। ২০২০ সাল থেকে দেশগুলো কী পরিমাণ কার্বন নিঃসরণ করতে পারবে, তাই ওই চুক্তির মূল প্রতিপাদ্য। সেই চুক্তি কার্যকর করতে আর কী করা দরকার, সে বিষয়েই গত মঙ্গলবার আলোচনা চলে।
স্বল্পোন্নত দেশগুলোর জোট মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, কার্বন নিঃসরণ কমাতে ধনী দেশগুলোকে ‘আক্ষরিকভাবে আরও বেশি কিছু’ করতে হবে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে দরিদ্র দেশগুলোকে পর্যাপ্ত অর্থ সাহায্য দিতে হবে—এমন দাবি করেছে স্বল্পোন্নত দেশগুলো।
ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জোটের পক্ষ থেকে দ্বীপরাষ্ট্র নাউরুর প্রতিনিধি মারলেন মোজেস বলেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তা মোটেও আশাব্যঞ্জক নয়।
ধনী দেশগুলো বলছে, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ রোধে তারা ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে। কয়েক সপ্তাহ আগে সবুজ জলবায়ু ফান্ড তৈরি করতে এক হাজার কোটি ডলার বরাদ্দ দেওয়ার বিষয়টি তারা এ ক্ষেত্রে উল্লেখ করেছে।
জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে ২১০০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণের মাত্রা শূন্যে আনতেই হবে।
জলবায়ু বিশেষজ্ঞদের একটি দল বলছে, প্যারিস চুক্তিতে দেশগুলো কার্বন নিঃসরণ রোধে যে লক্ষ্য নির্ধারণের প্রতিশ্রুতি দেবে, তা ঠিকমতো পালিত হচ্ছে কি না, পাঁচ বছর পর পর তার নজরদারি করতে হবে। একটি বিশেষজ্ঞ দল এই কাজ করবে। পরিস্থিতির উন্নতি কীভাবে করা যায়, তা বাতলে দিতে এসব বিশেষজ্ঞ পরামর্শও দেবেন।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের জেনিফার মরগান বলেন, এটা দেশগুলোকে কোনো কিছুর বিষয়ে জোর করবে না। তবে ঘাটতিগুলো কী, তা জানিয়ে দেবে।