কার্শনারের বিদায়ী ভাষণ
আর্জেন্টিনার বিদায়ী প্রেসিডেন্ট ক্রিস্টিনা কার্শনার তাঁর দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে গত বুধবার রাতে আবেগময় ভাষণ দিয়েছেন। নতুন প্রেসিডেন্টের অধীনে বঞ্চনার শিকার হলে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে আসার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।
দেশটিতে গত ১২ বছর বামপন্থী প্রেসিডেন্টের শাসন ছিল। ক্রিস্টিনার বিদায়ের মধ্য দিয়ে দেশটিতে একটি যুগের অবসান ঘটতে চলেছে। বিদায়ী ভাষণে তিনি নিজের বিভিন্ন অর্জনের প্রসঙ্গ উল্লেখ করেছেন।
মধ্য ডানপন্থী রাজনীতিবিদ মাওরিসিও মাকরি নতুন প্রেসিডেন্ট হচ্ছেন। গতকাল বৃহস্পতিবারই তাঁর দায়িত্ব নেওয়ার কথা। এ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ক্রিস্টিনা অনুপস্থিত ছিলেন।
ব্যবসাবান্ধব রাজনীতিক হিসেবে খ্যাতি রয়েছে রক্ষণশীল নেতা মাকরির। তিনি বলেছেন, ক্ষমতা নেওয়ার পর দেশে আমদানির ওপর নিয়ন্ত্রণ প্রত্যাহার এবং কৃষিপণ্য রপ্তানিতে আরোপিত অতিরিক্ত কর কমিয়ে লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে আবার চাঙা করবেন।