‘মুক্তির কাফেলায়’ ঘুরছে কাস্ত্রোর দেহভস্ম
কাস্ত্রো ও চে গুয়েভারার ঐতিহাসিক 'পুনর্মিলন'
নাম দেওয়া হয়েছে ‘মুক্তির কাফেলা’। এই কাফেলার মধ্যমণি কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর দেহভস্ম। এটি গত বুধবার থেকে ঘুরে বেড়াচ্ছে কিউবাজুড়ে। ঘুরবে চার দিন। সামরিক জিপে রয়েছে দেহভস্ম। তা একনজর দেখার জন্য ভিড় করছে লাখো মানুষ।
গতকাল বৃহস্পতিবার কাস্ত্রোর দেহভস্ম নিয়ে যাওয়া হয় কিউবার সান্তা ক্লারা শহরে। সেখানে বিপ্লবের সহযোদ্ধা চে গুয়েভারার সঙ্গে প্রতীকী পুনর্মিলন হয় কাস্ত্রোর দেহভস্মের। স্নায়ুযুদ্ধের সময়কার এই বিপ্লবীর কিউবাজুড়ে শেষ সফরের প্রথম বিরতি ছিল সেখানে। পরে ভোরের দিকে দেহভস্মবাহী গাড়িবহর আবার যাত্রা শুরু করে অন্য শহরের উদ্দেশে।
স্থানীয় লোকজনের ভাষায়, এটি ঐতিহাসিক পুনর্মিলনী। তাঁরা (কাস্ত্রো ও চে গুয়েভারা) ছিলেন সহযোদ্ধা, বিপ্লবের প্রাণশক্তি। তাঁরা একসঙ্গে কিউবার এবং মানবতার ইতিহাস পাল্টে দিয়েছেন।
এর আগে সোম ও মঙ্গলবার দুই দিন রাজধানী হাভানার রেভল্যুশন স্কয়ারে লাখো মানুষ জড়ো হয়ে শ্রদ্ধা জানায় এই বিপ্লবীর প্রতি। ছিলেন ভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। সেখান থেকে বুধবার শুরু হয় দেহভস্ম দিয়ে ‘মুক্তির কাফেলার’ যাত্রা। হাজার হাজার লোক ‘আমি ফিদেল’ ও ‘ফিদেল অমর থাকবেন’ স্লোগানে শামিল হয় এই শেষযাত্রায়। দেহভস্ম নিয়ে সামরিক জিপটির যাত্রার সময় কিউবার লাখো মানুষ পতাকা হাতে সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানায়।
গত ২৫ নভেম্বর রাতে মারা যান কিউবান বিপ্লবের এই নেতা। পরদিন ফিদেলকে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী দাহ করা হয়। তাঁর মৃত্যুতে কিউবায় নয় দিনের শোক ঘোষণা করা হয়। গতকাল পঞ্চম দিন অতিবাহিত হয়েছে।
১৯৫৯ সালে কাস্ত্রোর গেরিলা বাহিনী যুক্তরাষ্ট্র-সমর্থিত কিউবার স্বৈরশাসক ফালজেন্সিও বাতিস্তাকে উৎখাত করার পর বিজয় র্যালিতে এই স্লোগান দেওয়া হতো। সেটিকে স্মরণ করেই স্লোগান দিতে থাকে সড়কের পাশে দাঁড়ানো জনগণ।
বুধবার হাভানা থেকে যাত্রা শুরুর পর দেহভস্ম নিয়ে যাওয়া হয় ২৩০ কিলোমিটার দূরের সিয়েনফৌয়গোস শহরে। তখন সন্ধ্যা নেমে এসেছিল। রাস্তায় জড়ো হওয়া জনতা তাদের মুঠোফোনের আলো জ্বেলে কাস্ত্রোর দেহভস্মকে স্বাগত জানায়।
দেহভস্মের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন ৭০ বছর বয়স্ক অবসরপ্রাপ্ত অধ্যাপক অরিয়েতা ক্যান্তেরিও। তিনি বলেন, ‘দেহভস্ম দেখে চোখের জল ধরে রাখা সম্ভব হলো না। আমার বাবা-মায়ের কথা মনে পড়ে গেল। তাঁরাও বিপ্লবী ছিলেন।’ যুক্তরাষ্ট্রের নাকের ডগায় ৯০ কিলোমিটারের মধ্যে একটি কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করে পাঁচ দশক ধরে তা টিকিয়ে রাখতে পারায় কাস্ত্রো বহু দেশের বিপ্লবীদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
সর্বশেষ আগামী রোববার কাস্ত্রোর অন্ত্যেষ্টিক্রিয়ার সমাপ্তি ঘটবে।