কিউবার মানুষ খুঁজে ফিরছে ভালোবাসার মানুষটিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল কিউবার রাজধানী হাভানার রেভল্যুশন স্কয়ারে লাইনে দাঁড়ান অনেক মানুষ l ছবি: রয়টার্স
বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল কিউবার রাজধানী হাভানার রেভল্যুশন স্কয়ারে লাইনে দাঁড়ান অনেক মানুষ l ছবি: রয়টার্স

‘দেখুন, কিউবার মানুষ আসলেই কেমন। দেখবেন, তারা কীভাবে কষ্ট পাচ্ছে; কীভাবে খুঁজে ফিরছে তাদের ভালোবাসার মানুষটিকে’—বলছিলেন ৫০ বছর বয়সী গাড়িচালক হোর্হে গিলারতে।

আর্নেস্তিনা সুয়ারেজ নামের ষাটোর্ধ্ব এক গৃহিণী বলেন, ‘ফিদেল ছিলেন সাধারণ মানুষ। এখানকার সবাই তাঁকে ভালোবাসে। আমার প্রত্যাশা, জনসমাগমে এলাকা উপচে পড়বে। যেমনটা হতো তিনি জনগণের সামনে এলে।’

গতকাল সোমবার রেভল্যুশন স্কয়ারে আয়োজিত শোকসভার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা সপ্তাহব্যাপী শোক কর্মসূচির। আয়োজকেরা সেখানে রাইফেল হাতে কাস্ত্রোর বিশাল ছবি টাঙান। এই স্কয়ারেই কাস্ত্রো ‘মার্কিন সাম্রাজ্যবাদের’ বিরুদ্ধে বক্তব্য দিতেন।

গত শুক্রবার কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যু হওয়ার পর রোববার সাপ্তাহিক ছুটির দিনটি শোকাবহ পরিবেশে কাটে। জানানো হয়, সোমবারের শোকসভা থেকে তাঁর দেহভস্ম নিয়ে যাওয়া হবে কিউবার বিভিন্ন প্রান্তে। ৪ ডিসেম্বর সান্তিয়াগো দ্য কুবা শহরে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শেষে দেহভস্ম সমাহিত করা হবে।

তিন দিনের শোক উত্তর কোরিয়ায় : সদ্যপ্রয়াত ফিদেলের সম্মানে গতকাল তিন দিনের শোক শুরু করেছে উত্তর কোরিয়া। কট্টর কমিউনিস্ট দেশটি তাঁকে স্মরণ করছে ‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে’ যৌথ লড়াইয়ে ‘দুঃসাহসী মিত্র ও দূরের বন্ধু’ হিসেবে। শেষ শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে দেশটির সরকারি ভবনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে একটি শোকবার্তা দিয়েছেন। এতে কাস্ত্রোকে কোরীয় জনগণের ‘ঘনিষ্ঠ বন্ধু ও কমরেড’ বলে উল্লেখ করা হয়।