কাস্ত্রোর মৃত্যু নিয়ে গুঞ্জন, কিউবার অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো মারা গেছেন বলে সারা বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনও গুজব রটে যে ফিদেলের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর জন্য কিউবার রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বিদেশি গণমাধ্যমকে এক সংবাদ সম্মেলনেও ডেকেছে। তবে গত শুক্রবার কিউবা এর সত্যতা অস্বীকার করে। খবর এএফপির।
কিউবার সাবেক প্রেসিডেন্ট ৮৮ বছর বয়সী ফিদেল কাস্ত্রোকে বেশ কয়েক মাস ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। দশকজুড়েই কয়েকবার তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে থাকা অভিবাসী কিউবানদের কয়েকটি পত্রিকায় শুক্রবার খবর বের হয়, ফিদেলের শারীরিক পরিস্থিতির অবনতি নিয়ে দেশটির সরকার সংবাদ সম্মেলন ডেকেছে। এর পরিপ্রেক্ষিতে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল প্রেস সেন্টারের এক কর্মকর্তা বলেন, এমন সংবাদ সম্মেলন ডাকা হয় ই-মেইল বা মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে। এমন কোনোটিই করা হয়নি।
গুঞ্জন আরও বাড়ে ইতালির কোরিয়েরে দেলা সেরা পত্রিকার এক খবরে। পত্রিকাটির ওয়েবসাইটে বলা হয়, ফিদেল মারা গেছেন। তবে তারা এই সংবাদটি দ্রুত নামিয়ে ফেলে।