কাস্ত্রোর 'ভালোবাসার বন্ধু' নাতালিয়া আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাতালিয়া রিভুয়েলতা, ফিদেল কাস্ত্রো
নাতালিয়া রিভুয়েলতা, ফিদেল কাস্ত্রো

তিনি ছিলেন হাভানা শহরের উঁচু সমাজের সুন্দরী নারী। স্বামী শহরের নামী শল্য চিকিৎসক। তার পরও একসময় হয়ে উঠলেন ‘বঞ্চিত-লাঞ্ছিতদের’ নেতা বিপ্লবী ফিদেল কাস্ত্রোর সঙ্গী। ব্যাংকে রাখা সব অর্থ এমনকি নিজের গয়নাগাটিও বিক্রি করে দিয়েছিলেন বিপ্লবের খরচ জোগাতে। সেই নাতালিয়া রিভুয়েলতা, ফিদেলের প্রিয় ‘ন্যাতি’ ৮৯ বছর বয়সে গত শুক্রবার হাভানায় মৃত্যুবরণ করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের।
কিউবার বিপ্লবের প্রতি ছিল নাতালিয়ার অকুণ্ঠ সমর্থন। ফিদেল কাস্ত্রোর সঙ্গে তাঁর পরিচয় ১৯৫২ সালে। তখন কাস্ত্রো তরুণ বিপ্লবী। নাতালিয়া তাঁকে নিজের বাড়ি ব্যবহার করতে দিতেন দলীয় নানা কাজে। একসময় স্বর্ণকেশী, সবুজাভ চোখের নাতালিয়ার প্রেমে পড়েন বিপ্লবী কাস্ত্রো। আলিনা নামে দুজনের একটি মেয়েও হয়। তবে কাস্ত্রো-নাতালিয়া কখনো বিয়ে করেননি।
নাতালিয়া ১৯৯৯ সালে ইউএস নিউজকে এক সাক্ষাৎকারে কাস্ত্রোর সঙ্গে তাঁর সম্পর্ককে ‘ভালোবাসার বন্ধুত্ব’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘আমাদের দুজনের লক্ষ্য, আদর্শ এবং রুচি ছিল একরকম।’
সেই ‘বন্ধুত্ব’ যে খুব গভীর ছিল, নাতালিয়াকে লেখা কাস্ত্রোর নানা চিঠি তার প্রমাণ। ১৯৫৪ সালে কাস্ত্রো এক চিঠিতে লিখেছিলেন, ‘আমি বিপদে আছি। তোমার চিঠি ছাড়া থাকতে পারি না। তোমাকে খুব ভালোবাসি।’
১৯৫৯ সালে বিপ্লবী কাস্ত্রো বিজয়ীর বেশে ফিরে আসেন হাভানায়। ফিরেই তিনি নাতালিয়া আর আলিনাকে দেখতে ছুটে যান বাড়িতে। তবে কাস্ত্রো প্রথমে আলিনাকে তাঁর মেয়ে হিসেবে স্বীকৃতি দেননি। পরে যখন স্বীকৃতি দিতে চেয়েছিলেন, আলিনা তা প্রত্যাখ্যান করেন। চলে যান যুক্তরাষ্ট্রে। নাতালিয়াও কিউবার প্রেসিডেন্ট কাস্ত্রোর স্ত্রী হিসেবে স্বীকৃতি চেয়েছিলেন। তবে যে কারণেই হোক, কাস্ত্রো এতেও রাজি হননি।