কাস্ত্রোর মৃত্যুতে বিশ্বনেতাদের শোক
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা। শোক বার্তা পাঠাচ্ছেন ফিদেলের ভাই ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর কাছে। বার্তায় কেউ ফিদেলকে ‘একটি যুগের প্রতীক’, কেউ পরম ও বিশ্বস্ত বন্ধু, কেউবা নিপীড়িত মানুষের নেতা বলে অভিহিত করেছেন।
একটি যুগের প্রতীক কাস্ত্রো : পুতিন
ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়ে রাউল কাস্ত্রোকে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি লিখেছেন, ‘বিশ্ব ইতিহাসে ফিদেল একটি যুগের প্রতীক হয়ে থাকবেন। তিনি ও তাঁর সঙ্গীরা যে মুক্ত ও স্বাধীন কিউবা প্রতিষ্ঠা করে গেছেন, তা আন্তর্জাতিক বিশ্বে প্রভাবশালী এক সদস্যে পরিণত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশ ও মানুষের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবেন ফিদেল।’
পুতিন বলেন, ফিদেল ছিলেন রাশিয়ার একজন সত্যিকারের বিশ্বস্ত বন্ধু। রাশিয়া ও কিউবার মধ্যকার সম্পর্ক স্থায়ীকরণ ও উন্নয়নে তিনি ব্যক্তিগতভাবে অনেক কাজ করেছেন। সর্বক্ষেত্রে ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতা করেছেন। রাশিয়ার হৃদয়ে তাঁর স্মৃতি চির উজ্জ্বল হয়ে থাকবে।
পরম বন্ধুকে হারালাম : মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় লিখেছেন, ‘কিউবার জনগণ ও সরকারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি। এই কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি। বিংশ শতাব্দীতে ফিদেল কাস্ত্রো ছিলেন কিংবদন্তি ব্যক্তিত্বদের একজন। ভারত তাঁর এক পরম বন্ধুকে হারাল।’
কিউবার গর্ব : ওলাঁদ
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এক বিবৃতিতে বলেছেন, স্নায়ু যুদ্ধের এক নায়ক (ফিদেল কাস্ত্রো)...তিনি বহির্বিশ্বের চাপকে কখনোই তোয়াক্কা করেননি। যা কিউবার জন্য গর্বের।
২০১৫ সালে ওলাঁদ কিউবা সফরে গিয়ে ফিদেল ও রাউলের সঙ্গে দেখা করেছেন। ১৮৯৮ সালের পর তিনিই প্রথম ফরাসি প্রেসিডেন্ট, যিনি কিউবা সফর করেন।
কাস্ত্রোর কিউবা–যাত্রা ছিল ‘বিজয়ীদের দিকে যাত্রা’ : মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো টুইট বার্তায় লিখেছেন, কিউবায় বিপ্লবের জন্য যে নৌকায় চড়ে তাঁরা (কাস্ত্রো ও সহযোগীরা) যাত্রা করেছিলেন, সেটা ছিল, যাঁরা সারা জীবন লড়াই করেন...সব সময় জয়ের দিকে যান, তাঁদের দিকে ফিদেলের যাত্রা।
বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক কাস্ত্রো : জুমা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, ‘কিউবার সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য ফিদেল কাস্ত্রো তাঁর জীবন উৎসর্গ করে গেছেন। তিনি বিশ্বের নিপীড়িত মানুষের স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। বর্ণবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রতীক কাস্ত্রো।’
দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সঙ্গে মিলে বর্ণবাদবিরোধী লড়াই করেছেন ফিদেল কাস্ত্রো। এরপর এ দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।
এদিকে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনও ফিদেলের মৃত্যুতে কিউবাবাসী ও দেশটির জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।
কিংবদন্তি এক বিপ্লবী নেতাকে হারাল বিশ্ব : ইমরান খান
পাকিস্তানের রাজনীতিবিদ ও সাবেক ক্রিকেটার ইমরান খান টুইট বার্তায় লিখেছেন, বিশ্ব কিংবদন্তি এক বিপ্লবী নেতাকে হারাল। যিনি সাম্রাজ্যবাদের ছায়া থেকে তাঁর জাতিকে মুক্ত করেছিলেন। ইমরান বলেন, ‘২০০৫ সালের ভূমিকম্পের পর আমাদের প্রতি কিউবা যে সহযোগিতা করেছে, আমরা তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।’
সূত্র : বিবিসি
আরও পড়ুন: