কিউবা-ইইউর ঐতিহাসিক চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে কিউবা ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবের পর থেকে মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সম্পর্ক শীতল ছিল। এখন তা উষ্ণ করতে এগিয়ে এসেছে দুই পক্ষই।
গতকাল সোমবার চুক্তি স্বাক্ষরের পর দুই পক্ষই অঙ্গীকার করেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের আগমন ও তাঁর নীতি ইইউ-কিউবার ভবিষ্যৎ সম্পর্কের মধ্যে কোনো প্রভাব ফেলবে না।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে কিউবাই একমাত্র দেশ যার সঙ্গে বাণিজ্য, ব্যবসা এবং মানবাধিকার বিষয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো ধরনের ‘আলোচনা ও সহযোগিতামূলক’ সম্পর্ক নেই।
১৯৯৬ সাল থেকে ইইউর নীতি ছিল, সংস্থাটির সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপনের আগে কিউবান কর্তৃপক্ষকে দেশটির মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। তবে গত সপ্তাহে ইইউভুক্ত দেশগুলোর মন্ত্রীরা পুরোনো সেই নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে দুই পক্ষের মধ্যে সম্পর্কোন্নয়নের সুযোগ এসেছে।