কিশোরীর জন্মদিনে হুলুস্থুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেক্সিকোর সান লুইস পোতোসি রাজ্যের ভিলা দে গুয়াদালুপে এলাকার লা হোয়া গ্রামে বর্ণাঢ্য আয়োজন। হাজারো মানুষের ভিড়। উপলক্ষটা হলো রুবি ইবারা গার্সিয়ার ১৫তম জন্মদিন। সেখানে গত সোমবার হুলুস্থুলের মধ্যে ঘোড়ার খুরের আঘাতে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে।
মেয়েটির মা–বাবা ‘সবাইকে’ নিমন্ত্রণ দিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। কিন্তু সেটি সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে ব্যাপকভাবে (ভাইরাল) ছড়িয়ে পড়ে। তাতেই বিপত্তি বাধে। ফেসবুক ব্যবহারকারী প্রায় ১৩ লাখ মানুষ ওই জন্মদিন উদ্যাপনে যোগ দেওয়ার ইচ্ছা জানিয়েছিল। তবে বাস্তবে উপস্থিতি তার চেয়ে কমই ছিল।
লাতিন আমেরিকার দেশগুলোতে মেয়েদের ১৫তম জন্মদিন ধুমধাম করে পালনের ঐতিহ্য আছে। এর মধ্য দিয়ে স্থানীয় লোকজন মেয়েটিকে নারী হিসেবে স্বাগত জানায়। কিন্তু রুবির জন্মদিন উদ্যাপনের খবরটা ইন্টারনেটে প্রচারের সুবাদে পারিবারিক ও সামাজিক গণ্ডি ছাড়িয়ে প্রায় জাতীয় পর্যায়ের ঘটনায় রূপ নেয়!
তানিয়া রদ্রিগেজ মোটরগাড়িতে প্রায় পাঁচ ঘণ্টার পথ পেরিয়ে রুবির জন্মদিনের আয়োজনে যোগ দিয়েছেন। বললেন, অনলাইনে আমন্ত্রণ পেয়েছেন, ‘চলো যাই। প্রত্যেকে আমন্ত্রিত? চলো যাই।’ তানিয়ার স্বামী গঞ্জালো তোরেস বললেন, এমন প্রচার হয়েছে যে রুবিকে সবাই নিজ পরিবারের সদস্য মনে করছেন।
হাজার দশেক মানুষ রুবিকে দেখতে দূরদূরান্ত থেকে ঘটনাস্থলে যায়। মেয়েটিও সেদিন চমৎকার সেজেছিল। মাঠের মাঝখানের মঞ্চে তারকা হয়ে বসেছিল। তার প্রতিটি ভঙ্গি ক্যামেরাবন্দী করতে সাংবাদিকেরা ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় আতশবাজির বাহার, আর ভোজের আয়োজন। খাবার সরবরাহকারী একটি প্রতিষ্ঠানই এই ভোজের পৃষ্ঠপোষকতা করেছে। পুরো অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচারও করা হয়।
বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে রুবি নেচেছে। সবার কাছ থেকে গোলাপ উপহার নেওয়ার ঐতিহ্যও রক্ষা করেছে। রুবির বাবা ক্রেসেনসিও মেক্সিকোর সুপরিচিত কাউবয় হ্যাট পরে অনুষ্ঠানের আদ্যোপান্ত হাজির ছিলেন। তিনি সেদিন একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় ৫০০ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারণ, রুবির পরিবার মোটে ৮০০ জনের উপস্থিতি আশা করেছিল। কিন্তু মেক্সিকোর সংবাদমাধ্যম এই জন্মদিনকে ‘বছরের সেরা পার্টি’ হিসেবে প্রচার করায় এত বেশি মানুষ হাজির হয়। ঘোড়ার খুরের আঘাতে মৃত ব্যক্তির বয়স ৬৬ বছর। তিনি নিজের একটি ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় গিয়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর মারা যান।