কূটনীতিক কমাতে যুক্তরাষ্ট্রকে ১৫ দিন দিচ্ছে ভেনেজুয়েলা
কারাকাসের মার্কিন দূতাবাসে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমানোর পরিকল্পনা উপস্থাপনে যুক্তরাষ্ট্রকে ১৫ দিন সময় দেওয়া হচ্ছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী দেলসি রদ্রিগেস গত সোমবার বলেছেন, দূতাবাসে কর্মরত ১০০ জনের মধ্যে দেশে কাকে কাকে ফিরিয়ে নেওয়া হবে, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে। খবর এএফপি ও বিবিসির।
ভেনেজুয়েলার সমাজতন্ত্রী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘ষড়যন্ত্র’ করছে বলে লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত শনিবার অভিযোগ করেন। সেই সঙ্গে কারাকাসের মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৭ জনে সীমিত করার নির্দেশ দেন।
মাদুরোর ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই কূটনীতিকের সংখ্যা কমাতে যুক্তরাষ্ট্রকে সময় বেঁধে দেওয়া হলো। পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগেজ বলেন, নতুন উদ্যোগের ব্যাপারে তিনি কারাকাসে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক লি ম্যাকক্লেনির সঙ্গে ‘আন্তরিক’ বৈঠক করেছেন। আর মার্কিন নাগরিকদের জন্য ভেনেজুয়েলার ভিসা পাওয়ার নতুন শর্তগুলো শিগগিরই প্রকাশ করা হবে।
‘মার্কিন সাম্রাজ্যবাদের’ কড়া সমালোচক হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েকবার কূটনৈতিক বিরোধে জড়িয়েছেন। এ দুই দেশ ২০১০ সাল থেকে পরস্পরের রাজধানীকে রাষ্ট্রদূত নিয়োগ করেনি।