কেমন ছিলেন কাস্ত্রো?

গালভর্তি দাঁড়ি। হরদম চলছে চুরুট ফোঁকা। সামরিক পোশাকে চলাফেরা। মুখে স্লোগান, ‘হয় সাম্যবাদ, নয় মৃত্যু’। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর নাম শুনলেই এমন ছবি চোখে ভেসে ওঠে।
সমাজতান্ত্রিক বিপ্লবের পর ১৯৫৯ সালের ১ জানুয়ারি কিউবার প্রধানমন্ত্রী হন ফিদেল কাস্ত্রো। এরপর বহুবার তাঁকে হত্যা করার চেষ্টা চলে। ১৯৬১ সালে কিউবায় যুক্তরাষ্ট্র-সমর্থিত ব্যর্থ সেনা অভিযান ‘বে অব পিগস’ চলে। যুক্তরাষ্ট্রের একের পর ষড়যন্ত্রের মুখে ১৯৮৮ সালে কাস্ত্রো ব্যঙ্গ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রই আমাকে কিংবদন্তি করে তুলেছে।’
১৯৬২ সালে কিউবার ভূমিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে সৃষ্ট সংকটের (কিউবান মিসাইল ক্রাইসিসের) কেন্দ্রে ছিলেন কাস্ত্রো। ওয়াশিংটনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা সব সময়ই বলতেন কাস্ত্রো। বৃদ্ধ বয়সেও তাঁকে একই ভূমিকায় দেখা গেছে। ২০০৬ সালে কাস্ত্রোর অস্ত্রোপচার হয়। এরপর অসুস্থতা তাঁকে শারীরিকভাবে দুর্বল করে ফেলে।
জীবনভর কাস্ত্রো দেখিয়েছেন, বিশ্বের সর্বোচ্চ শক্তির বিরুদ্ধেও ক্ষুদ্র জাতি কীভাবে প্রতিবাদ জানাতে পারে। অন্যায়-অত্যাচারকে বুড়ো আঙুল দেখাতে পারে।
১৯২৬ সালের ১৩ আগস্ট কাস্ত্রোর জন্ম হয়। তাঁর বাবা ছিলেন অভিবাসী স্প্যানিশ এবং মা কিউবার নাগরিক। ছোটবেলা থেকে খুব দ্রুত সবকিছু শিখতে পারতেন কাস্ত্রো। বেসবল খেলাতেও ছিল উৎসাহ। কথিত আছে, ইউএস বিগ লিগে খেলার স্বপ্ন ছিল কাস্ত্রোর।
যুক্তরাষ্ট্র-সমর্থিত বাতিস্তা সরকার ১৯৫২ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। বাতিস্তা সরকারের বিরুদ্ধে গেরিলা বাহিনী গড়ে তোলেন কাস্ত্রো। ১৯৫৩ সালে ছোট বিদ্রোহী বাহিনী গঠন করেন তিনি। বাতিস্তা সরকারকে উৎখাতে সেনাবাহিনীর মোংকাদা ব্যারাকে হামলা করে তাঁর নেতৃত্বাধীন ওই বিদ্রোহী বাহিনী। কিন্তু সেটি ব্যর্থ হয়। পরিণামে তাঁকে কারাগারে যেতে হয়।
এতে বিচলিত ছিলেন না কাস্ত্রো। বলতেন, ইতিহাস তাঁকে গ্লানি থেকে মুক্ত করবে।
বাতিস্তা সরকারের সময় দুই বছর কারাগারে থাকার পর কাস্ত্রো মেক্সিকোয় নির্বাসনে যান।
১৯৫৫ সালে বন্ধু আরেক কমিউনিস্ট বিপ্লবী চে গুয়েভারাকে নিয়ে গেরিলাযুদ্ধ শুরু করেন ফিদেল কাস্ত্রো। বাতিস্তা সরকারকে উৎখাতের পর ১৯৫৯ সালে কিউবার প্রধানমন্ত্রী হন কাস্ত্রো। ১৯৭৬ সালে কিউবার রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি।
অসুস্থতার কারণে ২০০৬ সালের জুলাই মাসে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল। এরপর থেকেই তাঁকে জনসমক্ষে খুব বেশি দেখা যেত না।
কাস্ত্রোর ব্যক্তিগত জীবন
১৯৪৮ সালে মির্তা দিয়াজ বালার্তকে বিয়ে করেন কাস্ত্রো। তাঁদের সংসারে ফিদেলিতো নামের এক ছেলে রয়েছে। পরে মির্তার সঙ্গে কাস্ত্রোর বিচ্ছেদ ঘটে।
১৯৫২ সালে নেরি রেভুয়েলতা নামের এক চিকিৎসককে বিয়ে করেন কাস্ত্রো। ১৯৫৬ সালে তাঁদের সংসারে আসে কন্যাসন্তান আলিনা।
১৯৫৭ সালে সেলিয়া সানচেজের সঙ্গে পরিচয় হয় কাস্ত্রোর। তিনি বলতেন, সেলিয়াই তাঁর জীবনের ভালোবাসা। ১৯৮০ সালে মারা যান সেলিয়া। এরপর কাস্ত্রোর জীবনসঙ্গী হন ডালিয়া সোতো ডেল ভাল্লে। তাঁদের সংসারে পাঁচ সন্তান—অ্যাঞ্জেল, অ্যান্তোনিও, আলেজান্দ্রো, আলেক্সিস ও আলেক্স।
আরও পড়ুন: