কোস্টারিকায় গবাদি পশুর ট্রাকে ৯ বাংলাদেশি

কোস্টারিকার কর্তৃপক্ষ গতকাল বুধবার মানবপাচার হচ্ছে বলে সন্দেহে গবাদি পশুর একটি ট্রাক আটক করেছে। ট্রাকে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ৫১ জন অভিবাসীকে পাওয়া গেছে। তাঁদের মধ্যে নয়জন বাংলাদেশি বলে দেশটির কর্মকর্তাদের ভাষ্য। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ট্রাকের চালক ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে কোস্টারিকার পুলিশ।
কোস্টারিকার দ্য টিকো টাইমস পত্রিকার খবরে জানানো হয়, চালক কোস্টারিকার নাগরিক। তিনিসহ গ্রেপ্তার হওয়া চারজনকে দেশটির আইন কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে।
দেশটির কর্মকর্তাদের ভাষ্য, ট্রাকে বাংলাদেশের নয়জন, নেপালের ২৬ জন, পাকিস্তানের একজন, ইরাকের দুজন, ইরিত্রার চারজন ও সোমালিয়ার নয়জন অভিবাসী পাওয়া যায়। তাঁদের কাছে কোনো বৈধ কাগজপত্র বা ভিসা পাওয়া যায়নি।
কোস্টারিকার জননিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র কার্লোস হিদালগো বলেন, ‘ওই অভিবাসীরা গাড়ির ভেতরে গবাদি পশুর মতো ঠাসাঠাসি করে ছিলেন। সে এক ভয়াবহ পরিস্থিতি।’
জননিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অভিবাসীদের পানামা সীমান্ত থেকে নিয়ে আসা হয়েছে। তাঁরা প্রত্যেকে পাচারকারীদের চার থেকে ১৫ হাজার ডলার করে দেওয়ার কথা জানিয়েছেন। তবে তাঁদের গন্তব্য এখনো স্পষ্ট নয়।
অভিবাসন কর্মকর্তাদের কাছে ওই অভিবাসীদের হস্তান্তর করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া অভিবাসীদের অভিবাসন প্রশাসনের আঞ্চলিক কার্যালয়ে নেওয়া হয়েছে।
দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে মধ্য আমেরিকাকে একটি যাত্রাপথ হিসেবে ব্যবহার করে আসছে মানবপাচারকারীরা।