ক্ষমতা হারাচ্ছেন রুসেফ, বিচারের মুখোমুখি
ব্রাজিলের আইনসভার উচ্চকক্ষ বা সিনেট দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফকে অভিশংসিত ও বরখাস্ত করার পক্ষে রায় দিয়েছে। এখন তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। ২০১৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার আগে প্রেসিডেন্ট রুসেফ অবৈধভাবে আর্থিক সাফল্যের ব্যাপারে মিথ্যা হিসাব দেখিয়েছেন বলে অভিযোগ রয়েছে। রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানির একটি বড় দুর্নীতিতে তাঁর নাম এসেছে। এ ছাড়া বড় ধরনের অর্থনৈতিক ধসের জন্যও তাঁর সরকারকে বিরোধীরা দায়ী করে আসছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটের ভোটাভুটিতে রুসেফের পক্ষে ২২ ভোট পড়ে। বিপক্ষে পড়ে ৫৫ ভোট। সিনেটের এই রায়ের ফলে রুসেফ বিচারের মুখোমুখি হলেন। এই বিচারপ্রক্রিয়া ১৮০ দিন চলবে। অর্থাৎ ৫ আগস্ট থেকে রিও ডি জেনিরোতে শুরু হওয়া অলিম্পিক গেমসের সময় বরখাস্ত থাকবেন তিনি। বিচার চলাকালে ছয় মাস ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
অভিশংসন-প্রক্রিয়া ঠেকাতে সুপ্রিম কোর্টে আবেদনের মাধ্যমে শেষ চেষ্টা চালিয়েছিলেন রুসেফ কিন্তু তা খারিজ হয়।
এর আগে ১৮ এপ্রিল ব্রাজিলের আইনসভার নিম্নকক্ষে অভিশংসন ভোটে হেরে যান দিলমা রুসেফ। এরপর অভিশংসনের প্রস্তাবটি দেশটির আইনসভার উচ্চকক্ষ বা সিনেটে পাঠানো হয়।