গণভোটে ইভো মোরালেসের হার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী গণভোট চলাকালে ব্যালট পেপার হাতে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। ছবি: রয়টার্স
দেশব্যাপী গণভোট চলাকালে ব্যালট পেপার হাতে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। ছবি: রয়টার্স

বলিভিয়ার বামপন্থী নেতা ইভো মোরালেস চতুর্থ দফায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম করতে আয়োজিত এক গণভোটে সামান্যের জন্য হেরে গেছেন। বুথফেরত জরিপে এমনটাই বলা হচ্ছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট আলভেরো গার্সিয়া লিনেরা আনুষ্ঠানিক ফলাফলের জন্য দেশবাসীকে অপেক্ষা করতে বলেছেন। তিনি বলেন, মতামত জরিপে, বিশেষ করে বুথফেরত জরিপে ভুল হয়।

একটি জরিপে বলা হচ্ছে, সংবিধান সংশোধনের প্রস্তাবের বিপক্ষে ৫২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে। অন্য একটি জরিপে এই সংখ্যা ৫১ শতাংশ বলা হচ্ছে।

গণভোটের ফলাফলের এই প্রবণতায় বিরোধীরা উল্লসিত। তারা দেশটির প্রধান শহর লাপাজের অংশবিশেষে এই ফলাফল উদ্‌যাপনও করছে।

স্বাভাবিকের চেয়ে শ্লথগতিতে গণভোটের ভোট গণনা চলছে।

বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হিসেবে ২০০৬ সালে দায়িত্ব নেন মোরালেস। তাঁর চলতি তৃতীয় মেয়াদ শেষ হবে ২০২০ সালে। তিনি চতুর্থ দফায় নির্বাচনে দাঁড়ানোর লক্ষ্যে সংবিধানে সংশোধনী আনতে চান।