গুয়াইদোর বিরুদ্ধে হুমকির জবাব দেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রোববার সামরিক অনুশীলন পরিদর্শনে যান প্রেসিডেন্ট মাদুরো। ছবি: রয়টার্স
গতকাল রোববার সামরিক অনুশীলন পরিদর্শনে যান প্রেসিডেন্ট মাদুরো। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলায় মার্কিন কূটনীতিক ও সরকারবিরোধী নেতা হুয়ান গুয়াইদোর ওপর যেকোনো হুমকির ‘মোক্ষম জবাব’ দেবে যুক্তরাষ্ট্র। আজ সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, কোনো ধরনের হুমকি ‘আইনের শাসনের ওপর গুরুতর আঘাত’ বলে বিবেচিত হবে।

ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে বিরোধী দলের হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ২০ দেশ। এই স্বীকৃতির পরই এমন হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র।

আগামী বুধবার ও শনিবারে সরকারবিরোধী বিক্ষোভের আহ্বান জানিয়েছেন হুয়ান গুয়াইদো।

হুগো চাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে ভেনেজুয়েলার নেতৃত্বে আসেন নিকোলা মাদুরো। গত বছর মে মাসে নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর চলতি মাসেই শপথ নেন তিনি। যদিও কারচুপির অভিযোগে তুলে বিরোধী দল ওই ভোট বয়কট করে। এ ছাড়া ভোটের স্বচ্ছতা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠে।

এমন পরিস্থিতিতে জাতীয় পরিষদের প্রধান ও বিরোধী দলের নেতা গুয়াইদো দাবি করেন, দেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী ক্ষমতা নেওয়ার এখতিয়ার তাঁর (গুয়াইদো) আছে। কারণ, মাদুরোর নির্বাচন এবং দ্বিতীয় মেয়াদে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বিষয়টি অকার্যকর বলেই তিনি মনে করেন। দেশে একটি অবাধ নির্বাচন করারও প্রতিশ্রুতি দেন গুয়াইদো।

গতকাল রোববার মার্কিন যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার শীর্ষ সামরিক প্রতিনিধি কর্নেল হোস লুই সিলভা প্রেসিডেন্ট মাদুরোর সরকারের পক্ষ ত্যাগ করেছেন। কর্নেল সিলভা বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোকেই স্বীকার করে নিয়েছেন। তাঁর এই ঘোষণার পর ওয়াশিংটনের অবস্থান জানাতে টুইট করেন বোল্টন। সহিংসতা ও কোনো ধরনের হুমকির বিষয়ে অন্যদের সতর্ক করেন।

অপর এক টুইটে হুয়ান গুয়াইদো আগামী বুধবার দেশ অচল রাখতে দুই ঘণ্টার শান্তিপূর্ণ অবরোধের ডাক দেন। শনিবার জাতীয় ও আন্তর্জাতিক মহাসমাবেশের ঘোষণা দেন। হুয়ান গুয়াইদো সমর্থন দেওয়ায় কর্নেল সিলভাকে ধন্যবাদ জানিয়ে অন্যদেরও তাঁর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী কর্নেল সিলভাকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন। মাদুরোর বিরুদ্ধে ভেনেজুয়েলার হাজার হাজার মানুষ বিক্ষোভ করলেও তার প্রতি সমর্থন ধরে রেখেছে সেনাবাহিনী। চলমান রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। তাদের ‘ভেনেজুয়েলার মানুষের পাশে থাকার’ আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো।