গুয়াতেমালায় দুই মানবতাবিরোধীর ৩৬০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মানবতাবিরোধীর ৩৬০ বছরের কারাদণ্ডাদেশের খবরে উল্লাস প্রকাশ করেন সাধারণ মানুষ। ছবি: রয়টার্স
দুই মানবতাবিরোধীর ৩৬০ বছরের কারাদণ্ডাদেশের খবরে উল্লাস প্রকাশ করেন সাধারণ মানুষ। ছবি: রয়টার্স

গুয়াতেমালায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে দুজন সাবেক সেনাসদস্যকে ৩৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের বিরুদ্ধে আদিবাসীদের খুন, নারীদের ধর্ষণ করা এবং তাঁদের দিনের পর দিন বন্দী রেখে যৌনদাসী হিসেবে ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

বিবিসির খবরে আজ শনিবার জানানো হয়, মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় আশির দশকে সেনা সদস্যদের দ্বারা সংঘটিত অপরাধের বিচারের ঘটনা এটাই প্রথম। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন ফ্রান্সিসকো রিয়েস গিরোন ও হেরিবার্তো ভালদেজ আসিজ।

ফ্রান্সিসকো গিরোন গুয়াতেমালার সেপুর জারকো নামের একটি গ্রামের সামরিক ঘাঁটির অধিনায়ক ছিলেন। তিনি ১৫ জন আদিবাসী নারীকে বন্দী করে যৌন ও গৃহদাসী হিসেবে ব্যবহার এবং এক নারী ও তাঁর দুই মেয়েকে হত্যা করেছেন বলে প্রমাণিত হয়েছে। তাঁকে ১২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

হেরিবার্তো আসিজ সে সময় আধা-সামরিক বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি সাতজন আদিবাসীকে গুম করেছেন এবং বহু নারীকে যৌনদাসী হিসেবে ব্যবহার করেছেন বলে প্রমাণিত হয়েছে। আদালত তাঁকে ২৪০ বছরের কারাদণ্ডাদেশ দেন।

মামলার রায়ে বলা হয়েছে, ১৯৮২ সালে স্থানীয় ভূস্বামীরা সেপুর জারকো গ্রামের আদিবাসীদের জমি দখল করার পর তাঁরা আন্দোলন করেন। এরপর সেখানকার সেনা ঘাঁটির সদস্যরা আদিবাসী নেতাদের বামপন্থী গেরিলা আখ্যায়িত করে তাঁদের ওপর নির্যাতন শুরু করেন। নির্যাতনের হাত থেকে প্রাণে রক্ষা পাওয়া অগাস্টিন চেন নামের এক ব্যক্তি আদালতকে বলেন, সেনারা তাঁকে আটকে প্রতিদিন অমানুষিক নির্যাতন করতেন। একবার তাঁরা সাতজন আদিবাসীকে একটা গর্তে ফেলে তার ভেতর গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। এতে সবাই মারা যায়। এ ছাড়া গ্রামের নারীদের ধরে নিয়ে তাঁরা যৌনদাসী হিসেবে ব্যবহার করতেন।