গুয়াতেমালায় দুই সেনার ৩৬০ বছরের জেল
গুয়াতেমালার আদালত এক ঐতিহাসিক রায়ে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে দুজন সাবেক সেনাসদস্যকে ৩৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে আদিবাসীদের হত্যা, আদিবাসী নারীদের ধর্ষণ করা এবং তাঁদের যৌনদাসী হিসেবে ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হয়েছে। খবর বিবিসির।
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় আশির দশকে সেনাসদস্যদের দ্বারা সংঘটিত অপরাধের বিচারের ঘটনা এটাই প্রথম। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন ফ্রান্সিসকো রিয়েস গিরোন এবং হেরিবার্তো ভালদেজ আসিজ।
ফ্রান্সিসকো গিরোন গুয়াতেমালার সেপুর জারকো নামের একটি গ্রামের সামরিক ঘাঁটির অধিনায়ক ছিলেন। তিনি ১৫ জন আদিবাসী নারীকে বন্দী করে যৌন ও গৃহদাসী হিসেবে ব্যবহার এবং এক নারী ও তাঁর দুই মেয়েকে হত্যা করেছেন বলে প্রমাণ মিলেছে। হেরিবার্তো আসিজ সাতজন আদিবাসীকে গুম করেছেন এবং বহু নারীকে যৌনদাসী হিসেবে ব্যবহার করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।
আদিবাসী নেতারা জমি দখল করার বিরুদ্ধে আন্দোলন করলে সেনা ঘাঁটির সদস্যরা বামপন্থী গেরিলা আখ্যায়িত করে তাঁদের ওপর নির্যাতন শুরু করেন।