গুয়াতেমালায় ভূমিধসে ৬৯ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে গত বৃহস্পতিবারের ভূমিধসে এ পর্যন্ত কমপক্ষে ৬৯ জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সেখানকার অনেক ঘরবাড়ি ধসে গেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক।

এএফপির খবরে জানা যায়, প্রায় ৩০০ জন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের মুখপাত্র জুলিও সানচেজ বলেন, মৃতদের মধ্যে বেশির ভাগ শিশু। রাজধানীর সান্তা ক্যাটারিনা পিনুলা এলাকায় প্রাণহানি বেশি হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টির কারণে গুয়াতেমালা সিটিতে ভূমিধস হয়। এতে শতাধিক ঘরবাড়ি ধসে যায়। গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো উদ্ধারকর্মী, পুলিশ, সেনাসদস্য ও স্বেচ্ছাসেবীরা উদ্ধারকাজ চালান। এ সময় দুজন উদ্ধারকর্মী দেয়ালচাপা পড়ে আহত হন।

ভূমিধসের আশঙ্কায় পৌর কর্তৃপক্ষ আগেই গুয়াতেমালা সিটি থেকে দূরে সরে যাওয়ার জন্য বাসিন্দাদের অনুরোধ জানান। কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই বলে বাসিন্দারা তা প্রত্যাখ্যান করেন। বছরের শেষে নভেম্বর মাসে সাধারণত গুয়াতেমালায় ভূমিধস হয়।