গ্রিক রাষ্ট্রদূতের হত্যাকারী তাঁর স্ত্রীর প্রেমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুড়ে যাওয়া এই গাড়ির ভেতরে গ্রিক রাষ্ট্রদূত কিরিয়াকোস আমিরিদিসের লাশ পাওয়া যায়। ছবি: এএফপি
পুড়ে যাওয়া এই গাড়ির ভেতরে গ্রিক রাষ্ট্রদূত কিরিয়াকোস আমিরিদিসের লাশ পাওয়া যায়। ছবি: এএফপি

ব্রাজিলে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত কিরিয়াকোস আমিরিদিসকে (৫৯) পরিকল্পিতভাবে হত্যা করেছিলেন তাঁর ব্রাজিলীয় স্ত্রীর প্রেমিক। তিনি একজন পুলিশ কর্মকর্তা।

এএফপির খবরে জানানো হয়, হত্যাকাণ্ডের কথা স্ত্রীর প্রেমিক সের্গিও গোমেজ মোরেইরা স্বীকার করেছেন। গতকাল শুক্রবার রিওর পুলিশপ্রধান এভারিসতো পনতেস এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

গত বৃহস্পতিবার রিওতে পুড়ে যাওয়া একটি গাড়ির ভেতর আমিরিদিসের লাশ পাওয়া যায়। আমিরিদিসের স্ত্রী ফ্রাঙ্কোয়িস দ্য সউজা অলিভাইরা স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছিলেন।

পুলিশ বলছে, অলিভাইরা (৪০) ও মোরেইরা (২৯) দুজনেই নিজেদের মধ্যে প্রেমের কথা স্বীকার করেছেন। তাঁদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে মোরেইরার চাচাতো ভাই ইদুয়ারদো তেদেসচি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

তদন্তকারী পুলিশপ্রধানের কাছে অলিভাইরা বলেছেন, তিনি নিজে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না। তবে হত্যার বিষয়টি জানতেন।

আমিরিদিস তাঁর স্ত্রীর সঙ্গে রিও ডি জেনিরোর উত্তরাঞ্চলে ২১ ডিসেম্বর থেকে ছুটিতে ছিলেন। আগামী ৯ জানুয়ারি তাঁদের ফেরার কথা ছিল। অলিভাইরা পুলিশকে জানান, স্বামী আমিরিদিস রিও ডি জেনিরোর বাড়ি থেকে গাড়ি নিয়ে বেড়িয়ে যান। এর পরে আর ফেরেননি। একটি সেতুর নিচে পুড়ে যাওয়া গাড়ির মধ্যে তাঁর লাশ পাওয়া যায়। পুলিশ অলিভাইরাকে এ নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে। এরপর পুলিশ মোরেইরাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আমিরিদিসের বাড়ির সোফায় রক্ত দেখা গেছে। তদন্ত কর্মকর্তাদের সন্দেহ, আমিরিদিসকে বাড়িতেই হত্যা করা হয়েছে। এরপর গাড়িতে করে তাঁর লাশ নিয়ে গিয়ে সেতুর নিচে ফেলে রাখা হয়।

পোনতেস বলেন, অলিভাইরা তাঁর স্বামীকে হত্যায় সহায়তা করতে তেদেসচিকে ২৫ হাজার ডলার দিতে চেয়েছিলেন।

মোরেইরা বলেন, তাঁর এবং আমিরিদিসের মধ্যে লড়াই হয়েছিল। এরপর আত্মরক্ষার জন্য তিনি আমিরিদিসকে হত্যা করতে বাধ্য হন।

আমিরিদিস রিওতে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত গ্রিসের কনসাল জেনারেল হিসেবে কাজ করেছেন। সেখানেই অলিভেইরার সঙ্গে তাঁর দেখা হয়। তাঁদের ১০ বছরের একটি মেয়ে রয়েছে।